নিউজ ডেস্ক: সময়টা আটের দশক। ভারতজুড়ে তখন ছোট পর্দায় সকলের মন জয় করে নিয়েছে 'সাগর আর্টস'। নেপথ্যে রামানন্দ সাগর,এবং তাঁর প্রযোজিত রামায়ণ সিরিয়াল। সেই সিরিয়ালে সকলের নজর কেড়েছিলেন রাম চরিত্রে অরুণ গোভিল,সীতার চরিত্রে দীপিকা চিখলিয়া এবং হনুমানের চরিত্রে দারা সিং। তবে বিপত্তি বেঁধেছে আশির দশকের পর এই ২০২৬ সালে এসে। সৌজন্যে,অ্যানিম্যাল খ্যাত রণবীর কাপুরের রামের চরিত্রে অভিনয়। রামের চরিত্রে রনবীর কাপুরকে অভিনয় করতে দেখে ইন্ডাস্ট্রির মধ্যেই তৈরি হয়েছিল কানাঘুষো। পরে তা গিয়ে জন্ম নেয় বিতর্কে। ফলে স্পষ্টতই ভাগ হয়ে যায় দুটি শিবির।
রণবীরের বিরুদ্ধ শিবিরের অনেকেই আপত্তি তোলেন তাঁর গোমাংস ভক্ষণের ইতিহাস এবং বেমানান লুকস নিয়ে। তার থেকেও বড় কথা, ইন্ডাস্ট্রির একাংশ প্রশ্ন তোলে- 'অ্যানিমালে যে রণবীর কাপুর অত নৃশংস একটি চরিত্র করলেন,তিনি কিভাবে মানিয়ে নিতে পারেন মর্যাদা পুরুষোত্তম রামের মতো একটি শক্তিশালী চরিত্রে?' এই বিতর্কেই আরো ইন্ধন যোগ করেন রামানন্দ সাগরের নাতি শিব সাগর। তার এই ইন্ধন বোঝা যায় সাম্প্রতিক সময়ে দেওয়া তার এক সাক্ষাৎকারে। যেখানে শিব সাগর অনেক বিতর্কিত প্রসঙ্গ তুলে এনেছেন।
ওই সাক্ষাৎকারটিতে শিব সাগর বলেন- 'রণবীরের কাস্টিং বাদ দিলে বাকি প্রত্যেকটি চরিত্রের কাস্টিং আমার বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি ওঁকে রাম হিসেবে মেনে নিতে পারছি না। কারণ অ্যানিম্যাল সিনেমার পর রণবীরকে ভগবান রাম হিসেবে দেখা আমার পক্ষে কঠিন। আমার মনে হয়, রামের চরিত্রের জন্য একেবারে নতুন কোনও অভিনেতাকে নির্বাচন করা উচিত ছিল।'
এ কথা ঠিক যে শিব সাগর রণবীর কাপুরের কাস্টিং এর বিরুদ্ধে কথা বলেছেন তবে এটাও লক্ষণীয় যে তিনি তার অভিনয় ক্ষমতা নিয়ে কোনরকম বিরূপ মন্তব্য করেননি বরং তিনি তার অভিনয়ের প্রশংসাই করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন 'রণবীরকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি। খুব ভালো অভিনেতা। ব্যক্তিগতভাবে ওঁর বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। তবে আমার মনে হয়, এই ছবিতে ওঁকে কাস্ট করা হয়েছে মূলত মার্কেটিংয়ের কথা মাথায় রেখেই। হয়তো রণবীরকে কাস্ট না করলে মার্কেটে এত ভালো সাড়া পাওয়া যেত না। তবে আমার ব্যক্তিগত মত হল, এই ধরনের চরিত্রে নতুন মুখ নেওয়াই ভালো।'