উত্তর ২৪ পরগনা, কেয়া মণ্ডল: ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায়। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে নির্যাতিতার চিকিৎসা চলছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পরিবারের অভিযোগ, শনিবার সকালে বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সময় তার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে প্রতিবেশী এক যুবক বাড়িতে ঢুকে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। পরিবারের দাবি, ঘটনার পর শিশুটিকে চুপ থাকার হুমকি দেখানো হয়। এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর বিষয়টি জানাজানি হতেই পরিবারের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শাসন থানার পুলিশ। অভিযুক্ত যুবককে শনাক্ত করার পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শহিদুল ইসলাম। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।