তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিক্ষুব্ধ শিবিরকে প্রকাশ্যে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের একাংশের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্ত এবং নির্বাচনী কৌশলের কারণে একাধিক আসনে দলের ভরাডুবি হয়েছে। পাশাপাশি, নির্বাচনের পর কর্মীদের উপর রাজনৈতিক হামলার অভিযোগ উঠলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক যথেষ্ট সক্রিয় ছিলেন না বলেও অভিযোগ করেছেন বিদ্রোহী নেতারা।
ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে একাধিক জনপ্রতিনিধি অন্য রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। দলের একাংশ ভেঙে নতুন রাজনৈতিক গোষ্ঠী গড়ার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতেই দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দেন অভিষেক। তাঁর বক্তব্য, যাঁরা দল ছেড়েছেন, তাঁদের আর ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, “এতদিনে ওঁদের জনতার কথা মনে পড়ল? এখন দলের হারের দায় দলের উপর চাপাচ্ছেন কেন?”
এদিন শুধু দলীয় কোন্দল নয়, আমতলায় তৃণমূলের একটি পার্টি অফিসে বুলডোজার চালানোর ঘটনাতেও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ওই পার্টি অফিস বৈধভাবে জমি কিনেই তৈরি করা হয়েছে এবং তার সমস্ত নথি রয়েছে। বিষয়টি নিয়ে প্রথমে হাই কোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ঘোষণা করেন তিনি।অভিষেক বলেন, “পার্টি অফিস আমাদের কাছে মন্দিরের মতো। সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। আমরা আদালতে সব জমা দেব এবং শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”