একদিকে নন্দনের পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখাতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে ফুটবল বিশ্বকাপ ফাইনালের উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল এবিভিপি'র কলকাতা বিশ্ববিদ্যালয় শাখাও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বড় পর্দায় স্পেন বনাম আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে 'FIFA Football World Cup Live বাংলা'।
আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানের ভেন্যু কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। উল্লেখ্য নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়। তবে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দর্শকেরা প্রবেশ করতে পারবেন রাত ১০টা থেকেই।
ফুটবলপ্রেমী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সাধারণ দর্শকদের উপস্থিতিতেও উৎসবের আবহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের লাইভ সম্প্রচারই এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। বিশ্বকাপের আবহকে আরও জমিয়ে তুলতে বিশেষ সাজসজ্জা ও একসঙ্গে খেলা দেখার পরিবেশ তৈরি করা হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবিভিপি কলকাতা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠানের বিষয়ে আরও তথ্যের জন্য দুটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে। নম্বর দুটি যথাক্রমে ৯৭৭৫৬২৯৫৯৭ এবং ৯৫৪৭৩২০৩৩৫।