অস্ত্র পরীক্ষার সময় আচমকাই গুলি চলল বারাণসী বিমানবন্দরে। জনৈক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে গুলি ছিটকে জখম হলেন দুই নিরাপত্তাকর্মী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। দু’জনকেই চিকিৎসার জন্য স্থানীয় ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, যাত্রীর নাম কমলেশ রাই। উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাসিন্দা তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX1810 বিমানে মুম্বই যাওয়ার কথা ছিল তাঁর। যাত্রার আগে নিরাপত্তা পরীক্ষার সময় নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল এবং গুলি নিরাপত্তারক্ষীদের কাছে দেখানোর প্রক্রিয়া চলছিল। সেই সময়ই আচমকা একটি গুলি বেরিয়ে যায়।
গুলি লেগে এক মহিলা নিরাপত্তাকর্মীর পায়ে আঘাত লাগে। কাছেই দাঁড়িয়ে থাকা আরও এক নিরাপত্তাকর্মীর বুড়ো আঙুলে গুলি লাগে। দু’জনকেই দ্রুত নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দু’জনই এএআইসিএলএএস-এর নিরাপত্তা পরীক্ষক। ঘটনার পর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে।
ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছন গোমতী জোনের ডেপুটি কমিশনার অব পুলিশ, পিন্ড্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ-সহ পদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। কী ভাবে অস্ত্র পরীক্ষা চলাকালীন গুলি ছুটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।