ফের ভাঙ্গন তৃণমূলে। বৈদ্যবাটি পৌরসভায় তৃণমূলের ভাঙ্গন আরো প্রকট হল। মঙ্গলবার আরো ছয় জন কাউন্সিলার পদত্যাগ করেন। আর তাতেই কার্যত কাউন্সিলর শূন্য হয়ে পড়েছে বৈদ্যবাটি পৌরসভা। এইদিন পদত্যাগ করেছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দত্ত, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল্পনা দাস, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালি ভট্টাচার্য, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়া সেন লাহা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া ভট্টাচার্য।
এতজন কাউন্সিলারের একত্রিত পদত্যাগ এতে ব্যাহত হতে পারে পৌর পরিষেবা বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। উল্লেখ্য, এর প্রায় এক সপ্তাহ আগেই বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো-সহ ১৩ জন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছয়জনের ইস্তফায় বৈদ্যবাটি পুরসভার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এল বলে মনে করা হচ্ছে। বর্তমানে বৈদ্যবাটি পৌরসভায় মাত্র দু'জন কাউন্সিলর রয়েছেন। তাঁরা হলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ গুহ।
পরপর কাউন্সিলরদের পদত্যাগের জেরে বৈদ্যবাটি পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে কিভাবে এই পৌরসভা থেকে নাগরিক পরিষেবা মিলবে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই এতগুলি পদত্যাগের আসল কারণ কি রয়েছে তা এখনো জানা যায়নি।