নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে এবার অগ্নিবীরদের মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সেনা। রাষ্ট্রীয় রাইফেলস বা Rashtriya Rifles (RR)-এর মতো বিশেষ কাউন্টার টেররিজম ইউনিটে অগ্নিবীরদের পোস্টিং দেওয়া যায় কি না, তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে সেনাবাহিনীর অন্দরে। এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেনার এই ভাবনা কার্যকর হলে অগ্নিবীরদের দায়িত্ব ও কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে।
সেনা সূত্রে খবর, চার বছরের প্রাথমিক কর্মকাল শেষ করা অগ্নিবীরদের রাষ্ট্রীয় রাইফেলসের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নিয়মে যাঁরা আরও দু’বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন, তাঁদের ক্ষেত্রেও এই সম্ভাবনা বিবেচনায় রয়েছে। এর আগে অগ্নিবীরদের রাষ্ট্রীয় রাইফেলসে পোস্টিং দেওয়া হত না। যদিও জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা এবং উপত্যকার বিভিন্ন অংশে নিয়মিত পদাতিক বাহিনীর সঙ্গে কাজ করেছেন তাঁরা।
কিন্তু রাষ্ট্রীয় রাইফেলসে এতদিন অগ্নিবীরদের নিয়োগে আপত্তি কোথায় ছিল? আসলে এই বাহিনীর গঠন ও কাজের ধরন কিছুটা আলাদা। বিভিন্ন রেজিমেন্টের পদাতিক সেনা, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি ইউনিটের সদস্যদের নিয়ে তৈরি হয় রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন। ফলে অগ্নিবীরদের মূল্যায়নের ক্ষেত্রে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা ছিল সেনার। কেউ নিজের মূল রেজিমেন্টে কাজ করবেন, আবার কেউ বিশেষ কাউন্টার টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করবেন, এতে চার বছরের কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে সমতা বজায় রাখা কঠিন হতে পারে বলে মনে করা হয়েছিল।
এবার সেই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, অগ্নিপথ প্রকল্পের প্রথম ব্যাচের চার বছরের কর্মকাল শেষ হওয়ার সময় এগিয়ে এসেছে। পাশাপাশি গত ৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর অগ্নিপথ প্রকল্পেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রথম চার বছর শেষে মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাকর্মী হিসেবে নিয়োগের সুযোগ দেওয়া হবে।
বাকি ৭৫ শতাংশকে আরও দু’বছরের জন্য কাজের প্রস্তাব দেওয়া হবে। সেই মেয়াদ শেষ হলে নির্দিষ্ট যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং ইচ্ছার ভিত্তিতে তাঁদেরও নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। এই পরিবর্তনের প্রেক্ষিতেই রাষ্ট্রীয় রাইফেলসে অগ্নিবীরদের পোস্টিং নীতি নতুন করে পর্যালোচনা করছে সেনা। পাশাপাশি বিয়ে এবং ছুটির নিয়ম নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
তবে মনে রাখতে হবে, রাষ্ট্রীয় রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগ নিয়ে এখনও কোনও চূড়ান্ত নির্দেশিকা জারি হয়নি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে জম্মু-কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় সেনার কাউন্টার টেররিজম অভিযানে অগ্নিবীরদের ভূমিকা আরও বিস্তৃত হতে পারে।




