কেদারনাথ: শীতের আগমনে বদলে গেল হিমালয়ের চেনা ছবি। তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিবছরের মতো এবারও শীতকালীন বিরতিতে চলে গেল উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম। বুধবার, ১১ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণ, বিশেষ পুজো এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হল বাবা কেদারনাথের মন্দিরের দরজা। আর এই দরজা বন্ধ হওয়ার সঙ্গেই শেষ হল চলতি বছরের কেদারনাথের মূল তীর্থযাত্রার মরশুম। তবে এ বছরের যাত্রায় পুণ্যার্থীদের উপস্থিতি নজর কেড়েছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মরশুমে ১৯ লক্ষ ২০ হাজারেরও বেশি ভক্ত কেদারনাথ দর্শন করেছেন।
বুধবার ভোর থেকেই মন্দির চত্বরে শুরু হয়ে যায় সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি। ভোর ৪টে নাগাদ শুরু হয় বিশেষ পুজো ও ধর্মীয় আচার। উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রতিনিধি, তীর্থপুরোহিত, জেলা প্রশাসনের আধিকারিক এবং কেদার সভার সদস্যরা। শেষবারের মতো বাবা কেদারের দর্শন পেতে মন্দির চত্বরে ভিড় জমান হাজার হাজার ভক্ত। বৈদিক মন্ত্রপাঠের পাশাপাশি সেনাবাহিনীর ব্যান্ডের ভক্তিমূলক সুরে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির প্রাঙ্গণও।
চলতি বছরের ২২ এপ্রিল ভক্তদের জন্য খুলেছিল কেদারনাথ মন্দিরের দরজা। এরপর প্রায় সাত মাস ধরে দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থী পৌঁছেছেন এই তীর্থক্ষেত্রে। রুদ্রপ্রয়াগ জেলার গাড়োয়াল হিমালয়ের প্রায় ৩,৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ। চারধাম যাত্রারও অন্যতম প্রধান আকর্ষণ এটি।
মন্দিরের দরজা বন্ধ হলেও শীতকালে বন্ধ থাকবে না বাবা কেদারের পুজো। ধর্মীয় প্রথা মেনে এবারও তাঁর পঞ্চমুখী উৎসব ডোলি নিয়ে শুরু হয়েছে শীতকালীন যাত্রা। প্রথমে ডোলি যাবে রামপুরে। এরপর ১২ নভেম্বর পৌঁছবে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে পৌঁছবে ডোলি। শীতের প্রায় ছয় মাস সেখানেই চলবে বাবা কেদারের নিয়মিত পুজো ও দর্শন।
কেন এই দীর্ঘ বিরতি? আসলে শীতকালে কেদারনাথের পার্বত্য অঞ্চলে প্রবল তুষারপাত, তীব্র ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াত অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেই কারণেই প্রাচীন ধর্মীয় রীতি মেনে শীতের সময় মূল মন্দিরের দরজা বন্ধ রাখা হয়।
পরবর্তী বছর অক্ষয় তৃতীয়ার সময় নতুন করে মন্দির খোলার প্রথা রয়েছে। তবে ২০২৭ সালের নির্দিষ্ট দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। ততদিন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরেই ভক্তরা বাবা কেদারের দর্শন ও পুজো দিতে পারবেন।




