নিউজ ডেস্ক: ইমেলে বোমা হামলার হুমকি পাওয়ার পর বুধবার ইতালির প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন। বুধবার সকালে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কাছে বেনামি ইমেল আসে। তাতে স্কুলগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। দ্রুত পদক্ষেপ করে স্কুলগুলি থেকে পড়ুয়া ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অবশ্য জানিয়েছেন, স্কুলগুলির উপর কোনও বাস্তব হামলার আশঙ্কা রয়েছে, এমন নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তাঁর দাবি, আতঙ্ক ও উদ্বেগ ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবারই মন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি।
ইতালির সংবাদমাধ্যম লা প্রেসের হাতে আসা বেনামি ইমেলের কয়েকটি প্রতিলিপি থেকে জানা গিয়েছে, শুধু স্কুল নয়, প্রধানমন্ত্রী মেলোনিকেও হুমকি দেওয়া হয়েছিল।
যদিও নিজের বিবৃতিতে ব্যক্তিগত হুমকির বিষয়টি উল্লেখ করেননি তিনি। প্রধানমন্ত্রীর দফতর থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি। ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপে ভ্যালদিতারা জানিয়েছেন, প্রায় ৩০০টি স্কুলে হুমকিমূলক ইমেল পৌঁছেছিল। তবে শিক্ষা মন্ত্রক এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের তাৎক্ষণিক কোনও উত্তর দেয়নি।
রোমের মামিয়ানি হাইস্কুলেও এই ঘটনার জেরে পড়ুয়াদের বাইরে বের করে দেওয়া হয়।
প্রথমে অনেক পড়ুয়া ভেবেছিল, ছুটির ঘণ্টা বা বিরতির ঘণ্টা পড়েছে। তাই তারা স্বাভাবিক ভাবেই স্কুলের বাইরে বেরিয়ে আসে। পরে জানতে পারে, বোমা হামলার হুমকির কারণে তাদের স্কুল খালি করা হয়েছে। ওই স্কুলের ১৮ বছরের এক ছাত্রী আনিতা বার্তোচ্চি জানিয়েছেন, ইমেলে রুশ হ্যাকারদের পরিচয় দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেখানে সবাইকে হত্যা করার কথাও বলা হয়েছিল। তাঁর কথায়, হুমকির ভাষা ছিল অত্যন্ত হিংসাত্মক।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা ও সম্প্রচারমাধ্যমও ভুয়ো বোমা হামলার হুমকি পেয়েছে। ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি এর আগে জানিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। মেলোনি এই ঘটনার পিছনে রাশিয়াপন্থী হ্যাকারদের দায়ী করেছিলেন। সব মিলিয়ে, ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হুমকি ও বোমাতঙ্কের ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ইতালির স্কুলগুলিতে পাওয়া হুমকির পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে প্রশাসন।




