স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সভাপতি পদে দ্বিতীয় বার বসার স্বপ্ন বড়সড় ধাক্কা খেয়েছে পিটি ঊষার। স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট (এসওএম) বিভাগের নির্বাচনে হেরে গিয়েছেন তিনি। ছ’জনের লড়াইয়ে চারটি মহিলা আসনের জন্য ভোট হয়েছিল। সেখানে ৪০ ভোট পেয়ে পঞ্চম স্থানে শেষ করেন ঊষা। ফলে এই বিভাগের মাধ্যমে আইওএ-র সাধারণ সভায় প্রবেশের রাস্তা আপাতত বন্ধ তাঁর সামনে।
নির্বাচনে ৫৩ ভোট পেয়ে শীর্ষে অনজু ববি জর্জ। দ্বিতীয় স্থানে রানি রামপাল (৫০), তৃতীয় দোলা বন্দ্যোপাধ্যায় (৪৫) এবং চতুর্থ সাইনা নেহওয়াল (৪৩)। এই চার জনই এসওএম বিভাগ থেকে সাধারণ সভায় জায়গা করে নিয়েছেন। পুরুষদের চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গগন নারাং, যোগেশ্বর দত্ত, বিজেন্দ্র সিং এবং কমলেশ মেহতা।
তবে ঊষার সামনে সব রাস্তা বন্ধ হয়ে যায়নি। আইওএ-র সংবিধান অনুযায়ী, কোনও জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসএফ) প্রতিনিধি হিসাবেও সাধারণ সভায় প্রবেশের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার সদস্য হতে হবে তাঁকে এবং নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া তাঁকে প্রতিনিধি হিসাবে মনোনীত করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্য দিকে, এসওএম নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দ্বারস্থ হয়েছেন ঊষা। আইওসি সভাপতি কার্স্টি কভেন্ট্রিকে তিন পাতার অভিযোগপত্র পাঠিয়ে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ভোটের আগে প্রচার, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং বহিরাগত প্রভাবের বিষয়গুলি খতিয়ে দেখা হোক।
আগামী ৫ ডিসেম্বর আইওএ-র কার্যকরী পরিষদের নির্বাচন। তার আগে ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে নিজেদের প্রতিনিধিদের নাম জমা দিতে বলা হয়েছে। সেই নির্বাচনে সভাপতি পদে ঊষা শেষ পর্যন্ত লড়তে পারবেন কি না, এখন সেটাই বড় প্রশ্ন।




