স্পোর্টস ডেস্ক: এক হাতে মাইক্রোফোন, সামনে বিরাট কোহলি। প্রশ্ন করছে এক খুদে। তখন কে জানত, ন’বছর পর সেই কিশোরই ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেবে! সময়ের ব্যবধানে বদলে গিয়েছে ছবিটা। কোহলির সাক্ষাৎকার নেওয়া সেই ছোট্ট ছেলেই এখন বাইশ গজে ঝড় তুলছে। তিনি বীরেন্দ্র সেহওয়াগ-পুত্র আর্যবীর সেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাঁর ১৬০ রানের দুরন্ত ইনিংসের পরেই নতুন করে ভাইরাল হয়েছে বিরাট কোহলির সঙ্গে তাঁর পুরনো সাক্ষাৎকারের ভিডিও।
সালটা ২০১৭। তখন আর্যবীরের বয়স খুবই কম। একটি ক্রীড়া সম্প্রচারকারী সংস্থার অনুষ্ঠানে ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক কোহলির মুখোমুখি হয়েছিল সে। তিন ধরনের ক্রিকেট নিয়েই কোহলিকে প্রশ্ন করেছিল খুদে আর্যবীর। সেই সময়ের ভিডিও এখন সমাজমাধ্যমে ঘুরছে। তবে এবার আলোচনার কেন্দ্রে থাকার কারণ একেবারেই আলাদা। আর কোহলিকে প্রশ্ন নয়, ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছে সেহওয়াগ-পুত্র।
সোমবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত একার হাতে ম্যাচের রং বদলে দেন আর্যবীর। ১৬৮ বলের ইনিংসে করেন ১৬০ রান। তাঁর ব্যাট থেকে আসে ১৭টি চার ও ৭টি ছয়। আর্যবীরের সঙ্গে দুরন্ত জুটি বাঁধেন ভিকে বিনীত। তৃতীয় উইকেটে দু’জনে যোগ করেন ১৯৩ রান। বিনীতের সংগ্রহ ৬৭। এই জুটির সৌজন্যেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানের বড় পুঁজি পায় ভারত।
জবাবে সংযুক্ত আরব আমিরশাহিকে ৭০ রানে হারিয়ে দেয় ভারতীয় দল। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। দলের এই সাফল্যে আর্যবীরের অবদান নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য।
বাবা বীরেন্দ্র সেহওয়াগ ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতীক। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন একসময় বোলারদের রাতের ঘুম কেড়ে নিত। এবার সেই উত্তরাধিকার বহন করার ইঙ্গিত দিচ্ছেন ছেলে। যদিও বাবার পরিচয়ের বাইরে বেরিয়ে নিজের পরিচয় তৈরি করাই এখন আর্যবীরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন’বছর আগে কোহলির সামনে বসে প্রশ্ন করা কিশোর আজ নিজেই ক্রিকেটের মঞ্চে প্রশ্ন তুলে দিচ্ছে প্রতিপক্ষ বোলারদের সামনে। পুরনো ভিডিওর ভাইরাল হওয়া তাই নিছক নস্টালজিয়া নয়, বরং এক নতুন ক্রিকেট-তারকার উত্থানের গল্পও।




