নিউজ ডেস্ক: স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন করা হল। প্রায় দু’সপ্তাহ আগে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং রানি লেতিসিয়া। মধ্য স্পেনের টোলেডো শহরের ১৩ শতকের ঐতিহাসিক ক্যাথিড্রালে আয়োজিত হয় এই স্মরণসভা।
গত ২৮ অক্টোবর মাদ্রিদ-সেভিয়া রেলপথে উরদার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে দ্রুতগতির অন্য একটি ট্রেনের। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৬৯ জন। চলতি বছরে স্পেনের অত্যাধুনিক হাইস্পিড রেল নেটওয়ার্কে এটি দ্বিতীয় বড় প্রাণঘাতী দুর্ঘটনা। পরপর দুর্ঘটনায় দেশের রেল পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চাপের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে। তাঁর পর রেল পরিকাঠামো পরিচালনাকারী সংস্থার প্রধান লুইস পেদ্রো মার্কোও পদ ছাড়েন। আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন। পুনর্নির্বাচনের লক্ষ্যে লড়ছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে মঙ্গলবারের শেষকৃত্যে উপস্থিত ছিলেন না তিনি।
শেষকৃত্যের জন্য উরদা শহর থেকে টোলেডো ক্যাথিড্রালে নিয়ে আসা হয়েছিল যিশুখ্রিস্টের ১৬ শতকের একটি মূর্তি। নিহত ৬৯ জনের স্মরণে বেদির কাছে ৬৯টি মোমবাতি জ্বালান উরদার বাসিন্দারা। নিহতদের পরিবারের পাশে বসেছিলেন রাজা ও রানি।
রেল পরিষেবার উপর মানুষের আস্থা ফেরাতে তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন সানচেজ। গত বছর স্পেনের রেলপথে যাতায়াত করেছিলেন প্রায় সাড়ে চার কোটি মানুষ। এ দিকে, দুর্ঘটনাগ্রস্ত রেলপথের নিরাপত্তা উন্নয়নে বরাদ্দ ইউরোপীয় ইউনিয়নের অর্থের সম্ভাব্য অপব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন প্রসিকিউটর।
মঙ্গলবার ট্রেনচালকদের ধর্মঘটে স্পেনের রেল পরিষেবা ব্যাহত হয়। বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের জেরে গণপরিবহণ-সহ বিভিন্ন ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের কাজেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।




