স্পোর্টস ডেস্ক: তিন বছর আগের লর্ডস টেস্টের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উসমান খোয়াজা। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন লর্ডসের লং রুমে বর্ণবিদ্বেষমূলক আক্রমণের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার। তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ (Sabr) সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত জনি বেয়ারস্টোর বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে অ্যালেক্স ক্যারির হাতে স্টাম্পড হন বেয়ারস্টো। বল ডেড হয়ে গিয়েছে ভেবে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ইংরেজ ব্যাটার। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটকিপার বেল ফেলে আবেদন করায় আউট দেন আম্পায়ার। সেই সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে লর্ডসের পরিবেশ। অস্ট্রেলীয় ক্রিকেটাররা মধ্যাহ্নভোজের বিরতিতে সাজঘরে ফেরার সময় লং রুমে তাঁদের উদ্দেশে কটূক্তি করেন কয়েক জন এমসিসি সদস্য।
খোয়াজার দাবি, সেই সময় অস্ট্রেলীয় ক্রিকেটারদের উদ্দেশে একের পর এক অশ্রাব্য মন্তব্য করা হচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে তিনি প্রথমে হতবাক হয়ে যান। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছিল এক দল কুকুর তাদের পরবর্তী শিকারের জন্য ঝাঁপিয়ে পড়তে তৈরি। সবাই একসঙ্গে গালিগালাজ করছিল।’
এর পরের ঘটনাও ভয়াবহ। খোয়াজার দাবি, এক ব্যক্তি তাঁর কানের কাছে চিৎকার করছিলেন। তাঁকে সতর্ক করে এগিয়ে যাওয়ার সময় অন্য এক ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘চুপ কর, তুমি পাকিস্তানি।’ এই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনে ক্ষোভে ফেটে পড়েন অস্ট্রেলীয় ব্যাটার। তবে কে ওই মন্তব্য করেছিলেন, তা নিশ্চিত করে বলতে পারেননি খোয়াজা। তাঁর দাবি, যাঁকে তিনি প্রথমে অভিযুক্ত ভেবেছিলেন, তাঁর সঙ্গেই কথা কাটাকাটি হয়েছিল। নিরাপত্তারক্ষীদেরও বিষয়টি জানান তিনি।
ঘটনার পর তিন এমসিসি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে এক জনের সদস্যপদ বাতিল হয়। অন্য দু’জনকে সাড়ে চার বছর এবং আড়াই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।




