নিউজ ডেস্ক: চোখের সমস্যার চিকিৎসার জন্য পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। মঙ্গলবার গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে তাঁকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাঁর চোখে বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ৭৪ বছর বয়সি ইমরানের ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ ছিল। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই তাঁর চোখের চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞের পরামর্শেই মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে আনা হয়।
পিমসের এক আধিকারিক জানিয়েছেন, চিকিৎসার আগে ইমরানের শারীরিক পরীক্ষা এবং চোখের পরীক্ষা করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। এর পর প্রয়োজনীয় সম্মতি নিয়ে চিকিৎসার নিয়ম মেনে তাঁর চোখে ‘ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ’ ইঞ্জেকশন দেওয়া হয়। চোখের ভিতরে নির্দিষ্ট স্থানে এই ইঞ্জেকশন দেওয়া হয়, যা চোখের কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
হাসপাতালের ওই আধিকারিকের কথায়, চিকিৎসার আগে, চলাকালীন এবং পরেও ইমরানের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। রাত আড়াইটে নাগাদ প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য তাঁকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।
তবে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁকে সরকারি হাসপাতালের পরিবর্তে কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিলেন। অন্য দিকে, সরকারি আধিকারিকদের দাবি, সরকারি হাসপাতালে চিকিৎসার পর তাঁর দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অগস্ট ইমরানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁকে পিমস হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ফের জেলে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।
২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। ২০২৩ সাল থেকে জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। দুর্নীতি এবং হিংসায় উস্কানি-সহ শতাধিক মামলার মুখোমুখি তিনি।




