নিউজ ডেস্ক: মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান। তারই মধ্যে পুলিশের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল সাত বছরের এক শিশুকন্যার! এমনই অভিযোগ তুলেছেন মেক্সিকোর মাতামোরোস শহরের বাসিন্দা ক্লদিয়া পার্দো গার্সিয়া। গত ২৯ অক্টোবরের ওই ঘটনায় তাঁর মেয়ে আরানজা আইদেলানি পার্দোর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। যদিও তাঁদের মৃত্যু হয় রাস্তা অবরোধ করতে ব্যবহৃত গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে।
৩১ বছরের ক্লদিয়া জানিয়েছেন, স্বামী এবং পাঁচ সন্তানকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তাঁদের গাড়ির উপরে চক্কর কাটতে শুরু করে পুলিশের একটি হেলিকপ্টার। মেক্সিকোর সীমান্তবর্তী শহর মাতামোরোসে তখন গালফ কার্টেল নামে পরিচিত মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চলছিল। ওই চক্রের সদস্যদের তৈরি করা রাস্তার অবরোধ এড়াতে তাঁরা গ্রামীণ রাস্তা ধরেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের গাড়ির পিছু নেয় হেলিকপ্টারটি।
ক্লদিয়ার দাবি, হেলিকপ্টারটি তাঁদের গাড়ির মাত্র সাত মিটার দূরত্বে চলে এসেছিল। ভিতরে একটি পরিবার রয়েছে, তা দেখার মতো যথেষ্ট কাছেই ছিলেন পুলিশকর্মীরা। এর পর তাঁদের গাড়ির সামনে চক্কর দিতে শুরু করে সেটি। ক্লদিয়া বলেন, ‘আমার স্বামী বলেছিল, নেমে পড়ো, যাতে ওরা বুঝতে পারে আমরা একটা পরিবার। ও হাত তুলে জানতে চাইছিল, ওরা কী চায়।’
এর পরই তাঁদের ১৩ বছরের ছেলে গাড়ি থেকে নামে। পরিবারের এক মেয়ে চিৎকার করে জানায়, কেউ গুলি চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আর এক মেয়ে কেঁদে ওঠে। সে জানায়, আরানজার গায়ে গুলি লেগেছে। ক্লদিয়ার কথায়, ‘ও আমাকে বলেছিল, মা, ওরা চিনাকে মেরে ফেলেছে।’ চিনা ছিল আরানজার ডাকনাম।
মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করেছিলেন ক্লদিয়া। কিন্তু হাঁটুতে গুলি লাগায় মাটিতে পড়ে যান তিনি। তাঁর দাবি, তার পরেও মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। স্বামী ১৩ বছরের ছেলেকে নির্দেশ দেন, বাকি তিন ভাইবোনকে নিয়ে কাছের এক আত্মীয়ের বাড়িতে চলে যেতে। পরে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, গুলির শব্দের মধ্যেই শিশুরা সাহায্যের জন্য সেখানে পৌঁছেছে।
ক্লদিয়ার অভিযোগ, জরুরি চিকিৎসা পরিষেবা পৌঁছতে দু’ঘণ্টারও বেশি সময় লেগেছিল। তাঁর মেয়ের দেহ চার ঘণ্টা ঘটনাস্থলেই পড়েছিল। অস্ত্রোপচারের পরের দিনই হাসপাতাল ছেড়ে মেয়ের শেষকৃত্য করতে যান তিনি।
তামাউলিপাস প্রদেশের সরকারি আইনজীবী যিশু গোভেয়া জানিয়েছেন, ক্লদিয়া-সহ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার ভিডিয়ো এবং ব্যালিস্টিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। হেলিকপ্টারে থাকা তিন পুলিশকর্মী গুলি চালিয়েছিলেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্ত চললেও অভিযুক্ত পুলিশকর্মীরা এখনও কর্মরত।
ওই অভিযানে গ্রেফতার করা হয় গালফ কার্টেলের এক নেতার ছেলে অ্যাক্সেল আলফ্রেদো কার্দেনাস রদ্রিগেসকে, যার ডাকনাম ‘এল তিতান’। কার্টেলটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। আরানজার দ্বৈত মার্কিন ও মেক্সিকান নাগরিকত্ব ছিল। ক্লদিয়ার পরিবারের সঙ্গে এফবিআই এবং মার্কিন কনস্যুলেটের প্রতিনিধিরাও যোগাযোগ করেছেন।
ক্লদিয়ার কথায়, ‘আমরা ভাবি সেনা, নৌসেনা এবং পুলিশকর্মীরা আমাদের রক্ষা করার জন্য রয়েছেন। কিন্তু দেখুন, কী ঘটে গেল।’




