নিউজ ডেস্ক: উৎসবের রাতে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছিলেন সেনা জওয়ান। বাড়ির সামনে চলছিল দীপাবলির বাজি ফাটানো। কিন্তু সেই আনন্দের মুহূর্তই পরিণত হল রক্তাক্ত ঘটনায়। প্রতিবেশীদের সঙ্গে সামান্য বচসা থেকে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত গড়াল গুলি চালানোয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সদস্য সৌরভ তোমর (২৬)। উত্তরপ্রদেশের বাগপত জেলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাবলির রাতে নিজের বাড়ির সামনেই দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন সৌরভ। সেই সময় প্রতিবেশী ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। প্রথমে সামান্য কথা কাটাকাটি হলেও ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, এক পর্যায়ে দেশি পিস্তল বের করে গুলি চালান ধীরজ। গুলিটি প্রথমে বাড়ির দেওয়ালে লাগে। পরে সেটি সৌরভের কানের পিছন দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেনা জওয়ান।
ঘটনার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও লাঠালাঠিও শুরু হয় বলে অভিযোগ। ধীরজের ভাই মনু বিনীতের উপর লাঠি নিয়ে হামলা চালান। পাল্টা মিন্টুও মনুকে মারধর করেন। আচমকা গুলির শব্দ ও সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে যান।
উল্লেখ্য, সৌরভ সাধারণ কোনও সেনাকর্মী নন। ২০২১ সালে ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর বর্তমানে রাষ্ট্রপতি ভবনের বিশেষ মর্যাদাসম্পন্ন দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারতীয় সেনার অন্যতম প্রাচীন অশ্বারোহী বাহিনীর এই সদস্য পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করতে ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন। কিন্তু উৎসবের রাতেই তাঁকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সৌরভকে বারৌতের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মিরাট মেডিক্যাল কলেজ হয়ে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়েছে। তবে চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
এদিকে, সৌরভের বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারৌতের সার্কল অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকেরা। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে আগে সুসম্পর্ক থাকলেও প্রায় দু’মাস আগে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদ হয়েছিল। সেই পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে দেশের দুই প্রান্তে পুলিশের উপর হামলা ও হিংসার ঘটনা সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে উৎসবের আনন্দে সংযম ও নিরাপত্তা নিয়ে। উত্তরপ্রদেশে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পাশাপাশি তামিলনাড়ুতে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।




