নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই এক বিরল আন্তর্জাতিক মিলনমেলার সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ১৯তম আন্তর্জাতিক প্রবাসী ভারতীয় সম্মেলন। কেন্দ্রের হাত ধরে এবং রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় এত বড় মাপের এক বিশ্বজনীন আয়োজন এবারই প্রথম পা রাখতে চলেছে পশ্চিমবঙ্গে। গঙ্গাপাড়ের এই শহরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের স্বাগত জানাতে এখন থেকেই প্রশাসনিক মহলে সাজোসাজো রব।
সেই মহাযজ্ঞের প্রস্তুতিপর্বের সূচনা হিসেবে বুধবার বিকেলে নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনের চাণক্য হলে আয়োজিত হয়েছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল চারটে নাগাদ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক লোগো ও সরকারি পোর্টালটি প্রকাশ্যে আনা হবে। এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তাঁর শহরে ফিরে আসার কথা রয়েছে। এইদিন নয়া দিল্লি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৯ তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সম্মেলনে থাকবেন রাষ্ট্রপতি।
চলতি বছরের সম্মেলনের মূল সুর বেঁধে দেওয়া হয়েছে ‘ফ্রম রুটস টু রিটার্ন, রিইগনাইটিং ডায়াস্পোরা কানেক্ট উইথ ভারত’ অর্থাৎ শিকড়ের টানে স্বদেশে ফেরা এবং দেশের সঙ্গে অনাবাসী ভারতীয়দের যোগসূত্রকে নতুন করে জাগিয়ে তোলা। সংশ্লিষ্ট মহলের মতে, জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে এর আগে এত ভারী মাপের অনাবাসী সমাবেশ দেখেনি কলকাতা। ফলে এই আসরকে কেবল একটি আনুষ্ঠানিক সম্মেলন হিসেবে দেখছে না নবান্ন। বিশ্বমঞ্চে ছড়িয়ে থাকা সফল ও প্রভাবশালী অনাবাসীদের সামনে রাজ্যের পর্যটন শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রগুলিকে সরাসরি মেলে ধরাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
সূত্রের খবর, জানুয়ারির মূল সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তাঁর হাত দিয়েই দেশ-বিদেশের কৃতি ভারতীয়দের ভূষিত করা হবে মর্যাদাপূর্ণ ‘প্রবাসী ভারতীয় সম্মান’-এ। উল্লেখ্য, ২০২৫ সালে ওড়িশার ভুবনেশ্বরে বসেছিল এই সম্মেলনের ১৮তম আসর। পড়শি রাজ্যের পর এবার সেই গুরুদায়িত্ব এসে পড়েছে কলকাতার কাঁধে।
এই সম্মেলন উদযাপনের নেপথ্যে রয়েছে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাস। ১৯১৫ সালের ৯ জানুয়ারি সুদূর দক্ষিণ আফ্রিকার দীর্ঘ বর্ণবৈষম্যবিরোধী লড়াই শেষে চিরতরে মাতৃভূমিতে ফিরেছিলেন মোহনদাস করমচন্দ গান্ধী। তাঁর সেই স্বদেশ প্রত্যাবর্তনই পরবর্তীকালে বদলে দিয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ। জাতির জনকের সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে শ্রদ্ধা জানাতেই ২০০৩ সাল থেকে প্রতি বছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করে আসছে দেশ।




