নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের রাজনীতিতে একসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আর উৎসবের দিনগুলো যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছিল আতঙ্কের। হোলি, দেওয়ালি হোক বা ইদ উৎসবের মরশুম এলেই সাধারণ মানুষের মনে কাঁপুনি ধরিয়ে দিত দাঙ্গার আশঙ্কা। কিন্তু ২০১৭ সালের পর থেকে সেই পরিচিত ছবিটা অনেকটাই বদলে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, বিগত সাড়ে নয় বছরে কড়া হাতে মাফিয়ারাজ এবং দুষ্কৃতী দৌরাত্ম্য দমন করার ফলেই আজ উত্তরপ্রদেশে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন।
সম্প্রতি গোবর্ধন পুজো ও ভাইফোঁটা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের অতীত এবং বর্তমান পরিস্থিতির মধ্যে স্পষ্ট ফারাক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০১৭ সালের আগের সময়ের স্মৃতি টেনে তিনি জানান, আগে যে কোনও উৎসবের আগেই রাজ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ত। দীপাবলি, বিজয়া দশমী, জন্মাষ্টমী, শিবরাত্রি, ক্রিসমাস কিংবা গুরু পর্ব ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি পার্বণের আনন্দ ঢেকে যেত কার্ফুর কালো ছায়ায়। জাতি বা এলাকা নির্বিশেষে কোনও ভদ্র ও সাধারণ মানুষ রাস্তায় বেরোতে সাহস পেতেন না, নিরাপত্তাহীনতায় ভুগতেন প্রতিটি পরিবার।
আইনশৃঙ্খলার এই চরম অবনতির সবচেয়ে বড় মাশুল দিতে হতো স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের। যোগী আদিত্যনাথ উল্লেখ করেন, উৎসবের মুখে বিক্রেতারা দোকান সাজিয়ে মালপত্র তুলতেন, কিন্তু মুহূর্তের মধ্যে জারি হয়ে যেত অনির্দিষ্টকালের কার্ফু। দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার ফলে কোটি কোটি টাকার পণ্য গুদামেই পচে নষ্ট হয়ে যেত, সর্বস্বান্ত হতেন ব্যবসায়ীরা। সেই অরাজক পরিবেশ থেকে রাজ্যকে বের করে আনতে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নামতে হয়েছে প্রশাসনকে। একসময়ের ত্রাস মাফিয়া ও বেপরোয়া অপরাধীদের দমনে পুলিশ-প্রশাসনের কড়া পদক্ষেপ রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে বড়সড় পরিবর্তন এনেছে।
এদিনের সভা থেকে নিজের চেনা ভঙ্গিতে বিরোধীদের নিশানা করে তিনি সুর চড়ান ‘নো কার্ফু, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা’। অর্থাৎ গত সাড়ে নয় বছরের শাসনে কার্ফু ও অশান্তির সংস্কৃতি রাজ্য থেকে মুছে ফেলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন এতটাই স্বাভাবিক যে সাধারণ মানুষ কোনও ভীতি ছাড়াই পরিবার নিয়ে সমস্ত ধর্মীয় ও সামাজিক উৎসব প্রাণভরে উপভোগ করতে পারছেন।
শুধু নিরাপত্তা দেওয়াই নয়, উৎসবের আবহে সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের একাধিক পদক্ষেপের কথাও এ প্রসঙ্গে তুলে ধরেন তিনি। ভাইফোঁটা উপলক্ষে এবার ৬০ বছরের ঊর্ধ্ব বয়স্কা মা ও বোনেদের জন্য উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াতের বিশেষ ব্যবস্থার ঘোষণা করা হয়। যাতে উৎসবের দিনে ভাইদের কাছে পৌঁছাতে বয়োজ্যেষ্ঠ মহিলাদের কোনও ঝক্কি পোহাতে না হয়। মাফিয়া সংস্কৃতির অবসান ঘটিয়ে কীভাবে ভয়ের পরিবেশ ভেঙে রাজ্যে শৃঙ্খলা ও প্রশাসনিক সুশাসন কায়েম করা হয়েছে, সেই খতিয়ান তুলে ধরেই জনমানসে কড়া বার্তা দিলেন যোগী।




