মুম্বই: একটি বাড়িতে রান্নার কাজ, পাশের আবাসনে আরও দায়িত্ব, বড় পরিবারের রান্নাঘর সামলানো, এমনকি সিনেমার শুটিংয়েও খাবার তৈরি—একাধিক কাজের সূত্রে মাসে ১.০৫ লক্ষ টাকা আয় করেন মুম্বইয়ের এক রাঁধুনি। তাঁর স্ত্রীর আয় 45 হাজার টাকা। সব মিলিয়ে সংসারে মাসিক আয় প্রায় দেড় লক্ষ। এই কাহিনি সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতে কাকে বলা যায় ধনী? বড় বেতনের চাকরি, নাকি হাতে থাকা টাকা এবং নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতাই প্রকৃত আর্থিক স্বাচ্ছন্দ্যের মাপকাঠি?
মুম্বইয়ের এক উদ্যোগপতি মনুরাজ গর্গের লিঙ্কডইন পোস্ট ঘিরেই শুরু হয়েছে এই আলোচনা। নিজের বাড়ির রাঁধুনির উপার্জন ও জীবনযাপনের কথা তুলে ধরেছেন তিনি। গর্গের দাবি, তাঁর 34 বছরের রাঁধুনি কোনও বড় ডিগ্রি বা কর্পোরেট চাকরির পরিচয় ছাড়াই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মাসে 1.05 লক্ষ টাকা উপার্জন করেন। একাধিক বাড়িতে রান্নার কাজ করার পাশাপাশি মাঝেমধ্যে সিনেমার শুটিংয়ের জন্যও খাবার তৈরি করেন তিনি।
চার জায়গায় কাজ, মাসে আয় 1.05 লক্ষ
গর্গের দেওয়া হিসাব অনুযায়ী, তাঁর বাড়িতে সকাল ও সন্ধ্যায় রান্না করার জন্য মাসে 18,000 টাকা পান ওই রাঁধুনি। একই আবাসনের অন্য একটি ফ্ল্যাট থেকে পান 16,500 টাকা। কাছাকাছি আরও একটি পরিবারের রান্না, রান্নাঘরের কাজ এবং খাবার পরিবেশনের দায়িত্ব সামলে মাসে আয় করেন 38,000 টাকা।
এ ছাড়াও শুক্রবার রাতে সিনেমার শুটিংয়ে কাজ করেন তিনি। রাতভর শুটিং চলাকালীন কলাকুশলীদের খাবার তৈরি করে দেওয়ার জন্য প্রতি শিফটে পান 7,500 টাকা। সব মিলিয়ে তাঁর নিজের মাসিক আয় দাঁড়ায় প্রায় 1.05 লক্ষ টাকা। তাঁর স্ত্রীও মাসে 45,000 টাকা উপার্জন করেন। ফলে দু’জনের মিলিত আয় প্রায় 1.5 লক্ষ টাকা।
বেশি বেতন মানেই কি বেশি সঞ্চয়?
এই কাহিনির সবচেয়ে চর্চিত দিকটি অবশ্য উপার্জনের অঙ্ক নয়, বরং কর্পোরেট চাকরিজীবীদের সঙ্গে ওই রাঁধুনির আর্থিক অবস্থার তুলনা। গর্গের বক্তব্য, তাঁর এমবিএ পাশ এবং আইআইটি-তে পড়া বন্ধুদের অনেকেই কাগজে-কলমে যথেষ্ট বেশি বেতন পান। কিন্তু কর, বাড়ির ঋণের কিস্তি, সন্তানের পড়াশোনার খরচ এবং অন্যান্য জীবনযাপনের ব্যয় মেটানোর পর হাতে থাকা টাকার পরিমাণ অনেকটাই কমে যায়।
অন্য দিকে, তাঁর রাঁধুনির উপার্জন আসে একাধিক জায়গায় কাজ করে। প্রচলিত কর্পোরেট বেতন কাঠামোর মতো তাঁর ক্ষেত্রে সিটিসি, ফর্ম 16 বা বেতনের সঙ্গে যুক্ত নানা আনুষ্ঠানিক হিসাব নেই। গর্গের বক্তব্য, বিষয়টি কর ফাঁকি দেওয়ার কৌশল নয়, বরং দেশের অসংগঠিত কর্মক্ষেত্রের বাস্তব ছবি। তবে এই ধরনের আয়ের ক্ষেত্রে কর সংক্রান্ত নিয়ম ও দায়বদ্ধতা যে নেই, এমন নয়।
একটি কাজ চলে গেলেও বন্ধ হবে না পুরো উপার্জন
রাঁধুনির কাজের ধরনেও আর্থিক নিরাপত্তার একটি অন্য রকম ছবি দেখেছেন গর্গ। তাঁর দাবি, ওই ব্যক্তি মূলত নিজের বাড়ির 2 কিলোমিটারের মধ্যেই কাজ করেন। ফলে প্রতিদিন দীর্ঘ পথ পেরিয়ে কর্মস্থলে যাওয়ার ঝক্কি নেই। সবচেয়ে বড় কথা, তাঁর আয়ের উৎস একটিমাত্র নয়। চারটি আলাদা জায়গায় কাজ করেন তিনি। কোনও একটি বাড়ির কাজ চলে গেলেও পুরো মাসের উপার্জন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই।
গর্গের মতে, কর্পোরেট চাকরিতে কর্মী চাকরি হারালে এক ধাক্কায় তাঁর নিয়মিত বেতনের পুরো উৎসটাই বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু একাধিক পরিবারের সঙ্গে কাজের সম্পর্ক থাকায় তাঁর রাঁধুনির ক্ষেত্রে সেই ঝুঁকি তুলনায় ছড়িয়ে রয়েছে। দক্ষ রাঁধুনির চাহিদা থাকায় নতুন কাজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দাবি তাঁর।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি কেড়ে নিতে পারবে রাঁধুনির কাজ?
পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও মন্তব্য করেছেন গর্গ। তাঁর মতে, প্রযুক্তি বহু পেশার কাজের ধরন বদলে দিতে পারে। কিন্তু কোনও একটি পরিবারের পছন্দ অনুযায়ী ডাল কতটা পাতলা হবে, তরকারিতে মশলা কতটা পড়বে, কিংবা রান্নার স্বাদ ঠিক কেমন হওয়া উচিত—এই ব্যক্তিগত পছন্দ ও অভ্যাস বুঝে কাজ করার দক্ষতা সহজে যন্ত্রের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই তাঁর রাঁধুনির কাজ অদূর ভবিষ্যতে এআইয়ের কাছে হার মানবে না বলেই মনে করেন তিনি।
আইফোনের শখ, এবার প্রথম বিদেশযাত্রা
অর্থ উপার্জন করলেও জীবনযাপনে খুব বেশি দেখনদারি নেই ওই রাঁধুনির, এমনটাই জানিয়েছেন গর্গ। সামাজিক মাধ্যমে অন্যের বিলাসবহুল জীবন দেখে নিজেকে সেই মাপে সাজানোর চাপও তাঁর নেই। দামি কিছু কেনার কথা উঠলে তাঁর নাকি সোজাসাপটা উত্তর, এত টাকা খরচ করার কী দরকার! তবে একটি শখ রয়েছে—কিস্তিতে কিনেছেন নতুন আইফোন প্রো।
এ বার জীবনের নতুন অভিজ্ঞতার জন্য তৈরি হচ্ছেন তিনি।
বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন ৩৪ বছরের ওই রাঁধুনি। সেটিই হবে তাঁর প্রথম বিদেশযাত্রা, এমনকি প্রথম বিমানে চড়াও। ভ্রমণের পরিকল্পনা শুনে গর্গ তাঁকে মায়া বে ঘোরা, স্থানীয় খাবার চেখে দেখা এবং স্কুটি ভাড়া করে ঘোরার পরামর্শ দিয়েছেন। গর্গের কথায়, কয়েক মিনিটের জন্য তাঁদের মধ্যে মালিক-কর্মচারীর সম্পর্কের দূরত্ব ছিল না। দু’জনেই যেন থাইল্যান্ড বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা দুই বন্ধু।
ধনী হওয়ার সংজ্ঞা কি বদলাচ্ছে?
গর্গের পোস্ট ঘিরে আলোচনার কেন্দ্রে এখন একটি বড় প্রশ্ন—শুধু মাসিক বেতন বা পেশাগত পরিচয় দিয়েই কি কারও আর্থিক অবস্থার বিচার করা যায়? বেশি বেতন পেলেই কি বেশি সঞ্চয় হয়? আবার তুলনায় কম বেতনের কাজ করেও কি কেউ আর্থিক ভাবে স্বচ্ছন্দ হতে পারেন?
তবে এই গল্পের উজ্জ্বল দিকের পাশাপাশি অসংগঠিত কর্মক্ষেত্রের সীমাবদ্ধতাও ভুলে গেলে চলবে না। এমন কাজে নিয়মিত ছুটি, স্বাস্থ্যবিমা, পেনশন, চাকরির নিশ্চয়তা কিংবা সামাজিক সুরক্ষার মতো সুবিধা অনেক সময় থাকে না। ফলে বেশি উপার্জন থাকলেও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
গর্গের বক্তব্যের মূল সুর অবশ্য অন্য জায়গায়। তাঁর রাঁধুনি প্রচলিত অর্থে ধনী নন, আবার তাঁকে দরিদ্রও বলা যায় না। একাধিক আয়ের উৎস, সীমিত যাতায়াত, নিজের দক্ষতার উপর নির্ভরতা এবং খরচের বিষয়ে সচেতনতা—এই সবের সমন্বয়ে তাঁর জীবনের হিসাব মিলে যাচ্ছে। আর সেই হিসাবই নতুন করে ভাবাচ্ছে, ধনী হওয়ার অর্থ কি শুধু বেশি টাকা রোজগার, নাকি নিজের উপার্জনের উপর নিয়ন্ত্রণ রেখে নিশ্চিন্তে জীবন কাটাতে পারার নামই আর্থিক স্বাচ্ছন্দ্য?




