নিউজ ডেস্ক : কিছু ঘটনা দীর্ঘ দিন ধরে লোকচক্ষুর আড়ালে থেকে যায়। ব্যক্তিগত জীবনের এমনই এক বেদনাদায়ক অধ্যায় এবারে আনলেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য। যে কাহিনী এতদিন প্রকাশ্যে আসেনি, তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে নিজের জীবনের এক গভীর ক্ষতের কথা তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। সেই বিবরনে উঠে এসেছে রাজীব গান্ধী ও তাঁর পরিবারের জীবনের এক অজানা অধ্যায়।
সোনিয়া গান্ধীর আত্মজীবনী, 'বিলংগিং: আ জার্নি অফ লাভ' বইয়ে জানা গিয়েছে রাহুল গান্ধী রাজিব ও সোনিয়ার প্রথম সন্তান নন। তাঁদের জীবনে রাহুলের আগেও এসেছিল এক পুত্রসন্তান। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের প্রায় দুমাস আগেই সন্তানের জন্ম দেন সোনিয়া। জন্মের পর শিশুটিকে দেখতে সম্পূর্ণ সুস্থ মনে হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রায় দেড় বছর পর ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুল গান্ধীর।
তবে, সন্তান হারানোর শোকের পাশাপাশি আরও একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সোনিয়াকে। সদ্যজাতের শেষকৃত্য কিভাবে সম্পন্ন হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। প্রচলিত হিন্দুরীতি অনুযায়ী, নবজাতকের দেহ দাহ না করে নদীতে বিসর্জন দেওয়ার প্রথা রয়েছে। কিন্তু নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে কোনোমতেই রাজি ছিলেন না সোনিয়া। অন্যদিকে, খ্রিস্টান কিংবা পার্সি কবরস্থানে সমাহিত করা নিয়েও বিতর্কের আশঙ্কা ছিল।
শেষ পর্যন্ত রাজীব গান্ধী ও তাঁর ভাই সঞ্জয় গান্ধী মিলে দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গান্ধীর ফার্ম হাউসে একটি বোগেনভিলিয়া গাছের নিচে শিশুটিকে সমাহিত করার সিদ্ধান্ত নেন।
বইটিতে সোনিয়া আরও জানিয়েছেন, এই শোকের সময়েও সংবাদমাধ্যমের একাংশের নিষ্ঠুর আক্রমণ তাঁকে গভীরভাবে আঘাত করেছিল। একটি ডানপন্থী সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে ইন্দিরা গান্ধীকে ঘিরে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। সন্তান হারানোর যন্ত্রণা সামলানোর মধ্যেই এমন সংবাদ তাঁকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছিল। আত্মজীবনীর এই অধ্যায় গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবনের এক অজানা বেদনাকে নতুন করে সামনে আনলো।




