নিউজ ডেস্ক: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা। বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার এই চিরাচরিত রীতি পালিত হয় অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে। উৎসবের আনন্দে মেতে ওঠেন তারকারাও। প্রতিবারের মতো এ বছরও ভাইফোঁটার আয়োজন করবেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এ বারের উৎসবে থাকছে পারিবারিক আবেগের বিশেষ ছোঁয়া। ভাইফোঁটার পরিকল্পনা থেকে শুরু করে উপহার, সাজপোশাক—সব কিছু নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
হাওড়ার বাড়িতেই গত দুবছর ধরে ভাইফোঁটার আয়োজন করেন অপরাজিতা। সেখানেই দাদা, জেঠতুতো দাদা এবং আরও এক ভাইকে ফোঁটা দেন তিনি। এক সময় পরিবারের উৎসবের সমস্ত আয়োজন সামলালেও এখন সেই দায়িত্ব অনেকটাই তুলে নিয়েছেন তাঁর বৌদি। খাওয়াদাওয়া থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা—সব কিছুতেই রয়েছে বৌদির বিশেষ ভূমিকা। অপরাজিতার দায়িত্বে রয়েছে মিষ্টি নিয়ে যাওয়া।
সাড়ে ৪ বছরের ফারাক দাদার সঙ্গে অপরাজিতার। দাদার কাছে বিশেষ কোনও আবদার থাকে কি না, সেই প্রশ্নে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, তাঁর দাদা শারীরিক ও মানসিক ভাবে কিছুটা দুর্বল। তাই দাদার কাছে আবদার করার মতো বিশেষ কিছু নেই তাঁর। তবে বৌদি যথাসাধ্য চেষ্টা করেন তাঁকে সেরাটা দেওয়ার। এ বছর দাদাকে কী উপহার দেবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি অপরাজিতা। তবে বাকি ভাইদের জন্য ইতিমধ্যেই চাদর কিনেছেন তিনি।
বাঙালিয়ানার ছোঁয়া থাকে উৎসবের সাজে। শাড়ি আর হালকা গয়নাতেই ভাইফোঁটার দিন সাজবেন অভিনেত্রী।
প্রতি বছর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটায়ে হাজির হতেন অপরাজিতা। সেখানে উপস্থিত থাকতেন টলিপাড়ার বহু অভিনেত্রী। এ বারও কি সেই অনুষ্ঠানে যাবেন তিনি? অভিনেত্রীর কথায়, “এ বার কি ভাইফোঁটা হচ্ছে? আমার কাছে কোনও ফোন আসেনি। প্রত্যেক বার ফোন আসে। আমি যদিও দু’বারই গিয়েছি শুধু। গত বছর অনেক বার বলেছিল বলে গিয়েছিলাম। এ বার তো দিন পাল্টেছে।”
এখনো রাজ্যের নতুন সরকারের ঘনিষ্ঠ কারও কাছ থেকে ভাইফোঁটার কোনও নিমন্ত্রণ পাননি জানিয়েছেন অপরাজিতা। ফলে এ বছর তাঁর ভাইফোঁটার আনন্দ ঘিরে থাকছে পারিবারিক আবেগের পাশাপাশি রাজনৈতিক মহলের নিমন্ত্রণ নিয়ে কৌতূহলও।




