নিউজ ডেস্ক : রাজধানীর পরিস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা। রাজপথের কর্মসূচি থেকে শুরু করে রাজনৈতিক মহলের অন্দরমহল, সব জায়গাতেই যেন চাপা উত্তেজনার আবহ। একের পর এক রাজনৈতিক ইসুতে মুখোমুখি অবস্থানে বিভিন্ন পক্ষ। কোথাও সমাবেশ, কোথাও পালটা কর্মসূচি আবার কোথাও সংস্কার নিয়ে বিতর্ক। সব মিলিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন রাজনৈতিক টানাপোড়নের কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে এই উত্তপ্ত পরিস্থিতির নেপথ্যে রয়েছে কোন কোন বিষয়?
বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে রাজনৈতিক ও সামাজিক নানা টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি পাল্টা মিছিল এবং সমাবেশকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির কর্মসূচি ঘিরে বাড়ছে নজরদারি।
অন্যদিকে, সংবিধান সংস্কার ও দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সংসদীয় আলোচনা থেকে শুরু করে রাজপথের কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রেই এই বিরোধের প্রতিফলন দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলির অবস্থান এবং সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।
রাজনৈতিক উত্তাপের পাশাপাশি শ্রমিক অসন্তোষও ঢাকার পরিস্থিতিকে জটিল করে তুলেছে। রাজধানীর আশেপাশের সাভার, গাজীপুর,আশুলিয়া ও নারায়ণগঞ্জের পোশাক শিল্প এলাকায় বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভের খবর সামনে এসেছে। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ এবং সংঘর্ষের জেরে যান চলাচল ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
সব মিলিয়ে রাজনৈতিক সংঘাত, সংস্কার নিয়ে মতবিরোধ এবং শ্রমিক আন্দোলন- এই তিনটি বিষয় ঢাকার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলির সংযম এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।




