বিনোদন ডেস্ক: প্রতি সপ্তাহের মতো এবারও বিগ বস বাংলা-র ঘরে নেমে এলো আশঙ্কার কালো মেঘ। সোমবারের পর্বে অনুষ্ঠিত হলো চলতি সপ্তাহের সবথেকে রোমহর্ষক ও আবেগঘন নমিনেশন টাস্ক। আর এই একটি টাস্কই ওলটপালট করে দিল ঘরের চেনা সমীকরণ। সহ-প্রতিযোগীদের সুরক্ষিত করতে গিয়ে কাউকে বিসর্জন দিতে হলো সাধের চুল, আবার কারও চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি থেকে আসা আবেগজড়িত স্মৃতি!
এবারের নমিনেশন প্রক্রিয়াটি ছিল বেশ অভিনব। পুরোনো দিনের নস্ট্যালজিয়া উসকে বিগ বসের গার্ডেন এরিয়াতে বসানো হয়েছিল একটি এসটিডি (STD) বুথ। সেই বুথের টেলিফোনে খোদ বিগ বসের ফোন আসছিল এবং ডিসপ্লেতে ভেসে উঠছিল একেকজন প্রতিযোগীর নাম। নিয়ম অনুযায়ী, ফোন তুললেই বিগ বস গম্ভীর গলায় জানিয়ে দিচ্ছিলেন যে সেই প্রতিযোগী এই সপ্তাহের জন্য বাড়ি থেকে বিদায় নিতে নমিনেটেড হয়েছেন। তবে এই নমিনেশন থেকে বাঁচার একটি রাস্তা খোলা ছিল— যদি অন্য কোনো প্রতিযোগী তাঁর জন্য কোনো বড় স্বার্থত্যাগ বা 'বলিদান' দিতে রাজি হন। বকলমে, ঘরের ভেতরে কার বন্ডিং কার সাথে কতটা মজবুত, সেটাই মেপে নেওয়ার খেলা ছিল এটি।
টাস্ক চলাকালীন যখন টলিউড অভিনেতা জীতু কামালের পালা আসে, তখন বিগ বস তাঁকে নমিনেশন থেকে সুরক্ষিত করার জন্য এক ভয়ঙ্কর শর্ত দেন। বিগ বস জানান, জীতুকে যদি সেফ হতে হয়, তবে অভিনেত্রী সৃজলা গুহকে নিজের সাধের লম্বা চুল কাঁধ পর্যন্ত কেটে ছোট করে ফেলতে হবে। এই শর্ত শুনে জীতু নিজেই প্রথম আপত্তি জানান। তিনি স্পষ্ট বলেন, "একজন নারীর সৌন্দর্য তাঁর চুল, আমি কোনোভাবেই সৃজলাকে চুল কাটতে বলতে পারব না। তার চেয়ে আমি নিজেই নমিনেটেড থাকতে রাজি।" কিন্তু বিগ বসের নিয়ম অনুযায়ী জীতুকে এই বার্তা সৃজলার কাছে পৌঁছে দিতেই হতো। জীতুর মুখে শর্তের কথা শুনে প্রথমে সৃজলা বিশ্বাস করতে পারেননি। কিন্তু যখন বুঝতে পারেন বিষয়টি রসিকতা নয়, তখন জীতুর প্রতি গভীর অনুভূতির প্রমাণ দিয়ে এক মুহূর্তও না ভেবে কাঁচি হাতে তুলে নেন সৃজলা। নিজের তরঙ্গায়িত সুন্দর চুলের মায়ায় জলাঞ্জলি দিয়ে নিজের হাতেই কেটে ফেলেন সাধের চুল! সৃজলার এই ত্যাগে ঘরের বাকি সদস্যরা তো বটেই, খোদ জীতুও দারুণ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পরম যত্নে সৃজলার কাটা চুল নিজের বিছানার নিচে রেখে দেন। পরে অবশ্য জীতু নিজেই সৃজলার অপটু হাতে কাটা চুল সুন্দর করে সেট করে দেন।
সৃজলার চুল কাটার রেশ কাটতে না কাটতেই পরবর্তী ধাক্কাটি আসে জনপ্রিয় প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলের ওপর। বিগ বসের ঘরে নিরঞ্জনের সমীকরণ বরাবরই দর্শকদের চর্চার বিষয়। এই নমিনেশন টাস্কে অন্য এক প্রতিযোগীকে সুরক্ষিত করার জন্য বিগ বস নিরঞ্জনের সামনে শর্ত রাখেন। শর্ত অনুযায়ী, নিরঞ্জনের বাড়ি থেকে পাঠানো অত্যন্ত প্রিয় এবং আবেগের একটি জিনিস— তাঁর খাতা বা 'স্ক্র্যাপবুক'টি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে! ঘরের ভেতরে যেখানে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ থাকে না, সেখানে পরিবারের পাঠানো এই খাতাটি নিরঞ্জনের কাছে ছিল তাঁর বেঁচে থাকার রসদ। চোখের সামনে নিজের সেই অতি প্রিয় খাতাটিকে আগুনে পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন নিরঞ্জন। তবে গেমের খাতিরে ও সহ-প্রতিযোগীর প্রতি দায়বদ্ধতা থেকে বুক চাপা কষ্ট নিয়ে সেই ত্যাগ স্বীকার করতে বাধ্য হন তিনি।
শুধু সৃজলা বা নিরঞ্জনই নন, সহ-প্রতিযোগীদের বাঁচাতে রণিতা দাস এবং মনামী ঘোষদেরও বেশ কিছু অদ্ভুত ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে এখন লাইমলাইটে জীতু ও সৃজলার রসায়ন। কিছুদিন আগেই বিগ বসের ঘরে আকাশ-বাতাস সাক্ষী রেখে জীতু প্রেমের চিরকুট দিয়েছিলেন সৃজলাকে। সৃজলা মুখে তখন সরাসরি কোনো উত্তর না দিলেও, নমিনেশনের অগ্নিপরীক্ষায় নিজের সাধের চুল বিসর্জন দিয়ে তিনি যেন বুঝিয়ে দিলেন যে জীতুর স্থান তাঁর কাছে ঠিক কতটা উঁচুতে। এই রোমহর্ষক নমিনেশন পর্বের পর বিগ বসের ঘরের সমীকরণ এবার কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার




