ঢাকা: আদালত জামিন মঞ্জুর করেছিল আগের দিনই। কিন্তু প্রয়োজনীয় মুক্তির ছাড়পত্র না আসায় জেল থেকে বেরোনো হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আওয়ামি লিগের এক স্থানীয় নেতার মৃত্যু হল হাসপাতালে। মৃত রঞ্জিত কুমার ঘোষের বয়স ৭৫ বছর।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ছিলেন রঞ্জিত। চলতি বছরের অগস্ট থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলে পাঠানো হয়।
জেল সুপার জাহানারা বেগম জানিয়েছেন, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন রঞ্জিত। তাঁর শ্বাসকষ্ট ও ডায়াবিটিস ছিল। কারাগারের অভ্যন্তরীণ চিকিৎসা ব্যবস্থায় নিয়মিত তাঁর চিকিৎসা চলছিল।
সোমবার সকাল ১০টা নাগাদ আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
জেল সুপার আরও জানিয়েছেন, রবিবার রঞ্জিতের জামিন মঞ্জুর হয়েছিল। কিন্তু দিনের শেষে কারা কর্তৃপক্ষের কাছে মুক্তির প্রয়োজনীয় ছাড়পত্র এসে পৌঁছয়নি। তাই তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর দল আওয়ামি লিগকে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।




