স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন হার্দিক পাণ্ড্য। নতুন দলে অধিনায়ক শ্রেয়স আয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বেই খেলতে যে তাঁর কোনও আপত্তি নেই, তা বুঝিয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার। বরং নতুন দলের পাশে থাকার বার্তাই দিলেন তিনি।
পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর সমাজমাধ্যমে নিজের প্রথম পোস্টে হার্দিক লিখেছেন, ‘সত শ্রী অকাল, পাঞ্জাব। আমার অধিনায়ক শ্রেয়স। আমার কোচ রিকি। আমার দল, গোটা পাঞ্জাব। আমি তোমাদের পাশে আছি।’ হার্দিকের এই বার্তায় পরিষ্কার, অধিনায়কত্বের দাবি না তুলে শ্রেয়সের নেতৃত্বে খেলতেই প্রস্তুত তিনি।
https://x.com/bDreamer22/status/2120449671374217538?a=NfrQvQnkGFUNyk9I5ys&s=20
আইপিএল ২০২৭-এর আগে বড়সড় অদলবদলে মুম্বই থেকে পঞ্জাবে গেলেন হার্দিক। তাঁর বদলে পঞ্জাবের বাঁহাতি পেসার অর্শদীপ সিং যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ১৮ কোটি টাকার বিনিময়ে পঞ্জাবের সঙ্গে যুক্ত হয়েছেন হার্দিক। মুম্বইয়ে তাঁর পারিশ্রমিক ছিল ১৬.৩৫ কোটি টাকা।
এর ফলে আইপিএলে তৃতীয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন হার্দিক। ২০১৫ সালে মুম্বইয়ের হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দিয়ে প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ২০২৩ সালে গুজরাতকে ফাইনালেও তুলেছিলেন। ২০২৪ সালে ফের মুম্বইয়ে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব পান। এ বার নতুন অধ্যায় পঞ্জাবে।
আইপিএলে এখনও পর্যন্ত ১৬২ ম্যাচে ২৯৫৫ রান করেছেন হার্দিক। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৮২টি উইকেট।




