নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রুখতে ব্রিটিশ বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডের হস্তক্ষেপ দাবি করলেন সে দেশের ছয় জন সাংসদ। হাসিনা বাংলাদেশে ফিরলে যাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না হয়, তা নিশ্চিত করতে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। গত ২৭ অক্টোবর ব্রিটেনের বিদেশ মন্ত্রককে (এফসিডিও) পাঠানো চিঠিতে এই আবেদন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান, ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির শিমাস লোগান। এ ছাড়াও স্কটিশ পার্লামেন্টের তিন সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য চার্লস ট্যানকও এই আবেদনে সামিল হয়েছেন।
চিঠিতে তাঁরা লিখেছেন, ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, এমন একটি নিঃশর্ত লিখিত প্রতিশ্রুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করতে হবে। সেই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।’
ব্রিটিশ জনপ্রতিনিধিদের বক্তব্য, ‘আমাদের মূল উদ্বেগ হল, রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ফৌজদারি বিচারব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।’ তাঁদের মতে, হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত এবং নিরপেক্ষ বিচার হওয়া প্রয়োজন। কিন্তু সেই অভিযোগ যেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা বা বিরোধীদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার মাধ্যম হয়ে না ওঠে।
ব্রিটিশ বিদেশমন্ত্রীর কাছে চারটি বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। হাসিনার মৃত্যুদণ্ড এবং অন্য কোনও গুরুতর ক্ষতি থেকে সুরক্ষা, স্বাধীন নজরদারি ও কার্যকর আইনি প্রতিকারের ব্যবস্থা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে মধ্যস্থতার উদ্যোগ—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন ৭৯ বছরের হাসিনা। বাংলাদেশের আদালত তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। আন্দোলন দমনে হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ব্রিটিশ সাংসদদের চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। হাসিনার অনুপস্থিতিতে বিচার, নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়া এবং কার্যকর ভাবে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে না পারার বিষয়গুলি তুলে ধরেছেন তাঁরা। তাঁদের দাবি, রায় ও সাজাকে চ্যালেঞ্জ করার কার্যকর সুযোগ দিতে হবে। বাংলাদেশের কমনওয়েলথ সদস্যপদের কারণে গোটা পরিস্থিতি ব্রিটেনের কাছেও উদ্বেগের বিষয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।




