নিউজ ডেস্ক: রাজপ্রাসাদের সামনে ক্রিকেট খেলার সুযোগ যে কোনও ক্রিকেটারের কাছেই স্মরণীয় হয়ে থাকার মতো। সেই বিরল অভিজ্ঞতাই হল ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ঐতিহাসিক দ্য মলে টেনিস বলের ক্রিকেট ম্যাচে অংশ নিলেন তিনি। প্রিন্স উইলিয়ামের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, জো রুট ও হ্যারি ব্রুকের মতো তারকারাও।
তবে এই আয়োজনের উদ্দেশ্য শুধু ক্রিকেটের আনন্দে মেতে ওঠা নয়। পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোও ছিল এর অন্যতম লক্ষ্য। আগামী ১৭ নভেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হবে আর্থশট পুরস্কারের ষষ্ঠ আসর। সেই অনুষ্ঠানের আগেই ক্রিকেটের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়।
বুধবার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রাহানে বলেন, বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেললেও বাকিংহাম প্যালেসকে পিছনে রেখে টেনিস বলের ক্রিকেট খেলার অনুভূতি তাঁর কাছে দীর্ঘদিন অমলিন থাকবে।
ভারত ও ব্রিটেনের মানুষের ক্রিকেটপ্রেম এই আয়োজনের মাধ্যমে নতুন করে উদ্যাপিত হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ক্রিকেটের নানা স্মৃতি ভাগ করে নেন খেলোয়াড়েরা। ইংল্যান্ড ও ভারতে খেলার অভিজ্ঞতা, ক্রিকেটের ঐক্যের বার্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েও আলোচনা হয়।
রাহানের মতে, ক্রিকেট যে শিক্ষা দেয়, পরিবেশ রক্ষার কাজেও তার প্রয়োজন রয়েছে। শৃঙ্খলা, একসঙ্গে কাজ করা এবং আন্তরিক প্রচেষ্টা— এই গুণগুলিই পৃথিবীকে রক্ষা করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ২০২০ সালে প্রিন্স উইলিয়াম আর্থশট পুরস্কার চালু করেন। পরিবেশের ক্ষতি কমানো এবং পৃথিবীকে সুস্থ করে তোলার লক্ষ্যে অভিনব সমাধান খুঁজে বের করা ও সেগুলিকে উৎসাহ দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য।
প্রকৃতি, বিশুদ্ধ বাতাস, সমুদ্র, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো পাঁচটি ক্ষেত্রে কাজ করা উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। এবারের অনুষ্ঠান প্রথমবারের জন্য ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। মুম্বইয়ে এই আয়োজনকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।




