নিউজ ডেস্ক: আইএসএলের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে ধাক্কা খেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন মরশুমের শুরুতেই সেই হারের ক্ষত নিয়ে মহাষষ্ঠীর সন্ধ্যায় মাঠে নেমেছিল সবুজ-মেরুন। আর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সমর্থকদের উৎসবের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিল কলকাতার প্রধানদের অন্যতম এই দল। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে মরশুমে প্রথম জয় তুলে নিল মোহনবাগান। শুরুতে পিছিয়ে পড়েও জোড়া গোলে ম্যাচের রং বদলে দিলেন লি আরউইন ও মিগুয়েল ফিগেইরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছিল দিল্লি। মোহনবাগানের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তুলে আনছিল তারা। সপ্তম মিনিটে দূর থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেন রদ্রিগিনিয়ো। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ১৮ মিনিটে লালরিনলিয়ানা হামন্তের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ২৩ মিনিটে এগিয়ে যায় দিল্লি। বাঁ দিক থেকে আসা লম্বা বল ধরে বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন হামন্তে। দ্রুত বাগানের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে বিশাল কাইথকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিল্লি।
দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য চেহারায় ধরা দেয় মোহনবাগান। ৫০ মিনিটে দেজান দ্রাজিচের পাস থেকে অনিরুদ্ধ থাপার শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৫৩ মিনিটে আইমেনের জোরাল শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন কাইথ। তার পরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সবুজ-মেরুন। ৫৬ মিনিটে রাহুল ভেকের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান লি আরউইন। নোরা ফার্নান্দেসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি।
এর মাত্র চার মিনিট পরেই এগিয়ে যায় মোহনবাগান। ৬০ মিনিটে চার জন দিল্লি ফুটবলারকে কাটিয়ে বক্সের মধ্যে বল বাড়ান অভিষেক টেকচাম। সেখান থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন মিগুয়েল ফিগেইরা। নোরার কিছু করার ছিল না। ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাগান। ৬২ মিনিটে আরউইনের শট বাঁচিয়ে দিল্লিকে ম্যাচে রাখেন নোরা। শেষ দিকে মিগেল চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন। তাঁর বদলে নামেন সাহাল আব্দুল সামাদ। ৮৫ মিনিটে সামালের পাস থেকে সামির জেলকোভিচের শটও আটকে দেন নোরা। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে মহাষষ্ঠীতে জয়ই হল মোহনবাগানের সমর্থকদের সেরা উপহার।





