কলকাতা, অঙ্কন দাস: এই সপ্তাহেই তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০শে অগাস্ট থেকে ২২শে অগাস্ট পর্যন্ত তাঁর সফরসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় রাজনৈতিক মহলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে আলোচনা শুরু হয়েছে। অমিত শাহ'র আগমন ঘিরে প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে।
গত ৪ঠা মে বাংলার রাজনীতিতে ঘটেছিল 'পালাবদল পালা।' বিরাট পরিবর্তনের সাক্ষী ছিলেন আপামর রাজ্যবাসী। ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনযন্ত্রে থাবা মেরে মসনদে বসল ভারতীয় জনতা পার্টি। রাজ্যে প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার। সেই পরিবর্তন ১০০ দিন পূর্ণ হওয়ার পথে নতুন সরকার। গত তিন মাসের বেশি দিন মসনদে থাকা বিজেপি সরকারের তরফে একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনও করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরমধ্যেই সেই প্রকল্পগুলির তালিকাও তৈরি- এমনটাই সূত্র জানাচ্ছে। নবান্ন জানাচ্ছে,বিভিন্ন জেলা থেকেও প্রকল্পের তালিকা পাঠানো হয়েছে।
সীমান্তবর্তী জেলাগুলির প্রতিটি জেলাশাসকদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে রিভিউ নেওয়া হবে।এই রিভিউ-র বিষয় হিসাবে উঠে আসছে সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি নগদ টাকা লেনদেন প্রতিরোধ।'ভাইব্রেন্ট ভিলেজ’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
পাশাপাশি 'ভারতীয় ন্যায় সংহিতা' (বিএনএস) আইন নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-র। ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে শিলিগুড়িতে একটি বিশেষ প্রদর্শনশালার উদ্বোধনও করবেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় শেষবার এসেছিলেন ২০২৬ সালের এপ্রিল মাসে। সে সময় বিধানসভা নির্বাচনের প্রচার ও সাংগঠনিক বৈঠকে তার ভূমিকা ছিল বিশেষ গুরুত্ত্বপূর্ন।
বিশেষত, তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন তার উপস্থিতির ফলে ভবানীপুরে বিশাল জনসমাগম এবং চাঞ্চল্য দেখা যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছিলেন।এছাড়াও,নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় এবং দলীয় ওয়ার রুমে ও বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে এই মাসেই, অর্থাৎ ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হয়। সেদিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছিল। সেখানে রাজ্যের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতায় এসেছিলেন তিনি। রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা শুরু হয়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান করে রাজ্য সরকার।
এবার স্বাস্থ্যমন্ত্রীর পর, ফের বদলের বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এই প্রসঙ্গে বিশেষ উল্লেখ্য,গতকালই প্রকাশ করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটির রদবদলের তালিকা। সেই তালিকাতেই জায়গা পেয়েছেন বাংলার দুই শীর্ষ নেতৃত্ব। তাঁরা হলেন (ডক্টর) মধুছন্দা কর এবং মনোজ টিগ্গা। সেই তালিকা প্রণয়নে অমিত শাহ'র ভূমিকা ছিল অগ্রগণ্য।