নিউজ ডেস্ক: দীর্ঘদিনের সুরের সফর এবার মঞ্চে উদ্যাপন করতে চলেছেন অরিজিৎ সিং। দেশজুড়ে ন’টি শহরে অনুষ্ঠান করবেন এই গায়ক। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে এই সফর। আমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুণে, ইন্দোর এবং হায়দরাবাদে হবে তাঁর অনুষ্ঠান। ইতিমধ্যেই সাজানো হচ্ছে এই বিশেষ ট্যুরের পরিকল্পনা।
টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে মুম্বইয়ের অনুষ্ঠানের টিকিটের দাম প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে দামি টিকিটের মূল্য ১১ লক্ষ ৮০ হাজার টাকা! আগামী ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে কনসার্ট রয়েছে অরিজিতের। সেখানেই দর্শকদের জন্য থাকছে বিলাসবহুল বিশেষ আয়োজন।
‘দ্য রেসিডেন্স টেবিল’ নামে একটি বিশেষ বসার জায়গা রাখা হয়েছে। সেখানে ১৫ জন শ্রোতা বসতে পারবেন। এই এলাকার টিকিটেরই দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা। থাকছে বসার ব্যবস্থা-সহ আলাদা টেবিল, বিশেষ পানীয়, পছন্দমতো খাবারের আয়োজন, আলাদা করে পানীয় পরিবেশনের ব্যবস্থা এবং নিজস্ব শৌচাগার। এ ছাড়াও থাকবে দ্রুত প্রবেশ ও বেরিয়ে আসার সুবিধা এবং নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা। সব মিলিয়ে গানের অনুষ্ঠানের পাশাপাশি বিলাসবহুল আতিথেয়তার ব্যবস্থাও নজর কাড়ছে।
অরিজিতের এই সফর নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। কারণ, চলতি বছর নতুন করে প্লেব্যাকের দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এটাই তাঁর প্রথম বড় ভারত সফর। নিজের দীর্ঘ সঙ্গীতযাত্রা প্রসঙ্গে অরিজিৎ বলেন, “২০ বছর ধরে গান গাওয়ার এই পথচলার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হল শ্রোতারা। তাঁরাই আমার গানগুলিকে নিজেদের ভালোবাসায় নতুন জীবন দিয়েছেন।”




