নিউজ ডেস্ক: লোকালয়ে বা খাবার জায়গায় হঠাৎ পশুর আগমন ঘটলে স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় কাজ করে। চিৎকার, হুড়োহুড়ি আর আতঙ্কের পরিবেশ তৈরি হওয়াই খুব স্বাভাবিক। কিন্তু পাহাড়ি তীর্থভূমি বদ্রীনাথে সম্পূর্ণ ভিন্ন ও হৃদয়স্পর্শী এক দৃশ্য সামনে এল। রেস্তোরাঁয় ঢুকে পরিবারের এক সদস্যের কোলে উঠে কার্যত শিশুর মতো আদর কাড়ল এক বাঁদর। সেই অভাবনীয় মুহূর্তের ভিডিও এখন সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর তাতে বুঁদ নেটিজেনরা।
ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।
https://x.com/dksardana/status/2107652683087892934?s=20
খাবার ছিনিয়ে নেওয়া কিংবা কারও ক্ষতি করার কোনও লক্ষণই তার মধ্যে ছিল না। পরিস্থিতি সামলাতে এবং পরিবেশ শান্ত রাখতে পরিবারের সদস্যরা ভক্তিভরে রাম নাম ও ভজন গাইতে শুরু করেন,'হরে রাম হরে কৃষ্ণ’, ‘শ্রী রাম জয় রাম’। সঙ্গে সঙ্গে ঘটে এক তাজ্জব ঘটনা। ভজন আর রামের নাম শুনতেই প্রাণীটির আচরণে অদ্ভুত এক পরিবর্তন দেখা যায়। যেন কোনো চেনা টান অনুভব করে সে ধীরে ধীরে মহিলার কোলে উঠে বসে।
মহিলাও পরম স্নেহে তাকে নিজের কোলের কাছে জড়িয়ে ধরেন। এরপরই দেখা যায় সেই আবেগঘন মুহূর্ত বাঁদরটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে মহিলার গা ঘেঁষে দাঁড়ায়, তাঁর গাল স্পর্শ করে এবং এক পর্যায়ে তাঁর গালে মুখ ঠেকিয়ে যেন স্নেহভরে আদর করতে থাকে। এমন মায়াভরা দৃশ্য দেখে রেস্তোরাঁয় উপস্থিত সকলেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। মনে হচ্ছিল, অবোলা প্রাণীটি যেন অনেক দিনের চেনা কারোর কোলে আশ্রয় পেয়েছে। বেশ কিছুক্ষণ ওইভাবে শান্ত হয়ে মহিলার কোলে থাকার পর স্বাভাবিকভাবেই সে নেমে যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা।