২৩ বছর পর প্রথম টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। প্রথম ইনিংসে ২৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস নামে যেন চোখের পলকেই। শেষ দিনটি শুরু হয়েছিল দু’টি উইকেট হাতে নিয়ে। কিন্তু মাত্র ২২ ওভারের মধ্যেই বাংলাদেশের ব্যাটিংকে একা শেষ করে দিলেন অস্ট্রেলিয়ার এক অখ্যাত বাঁহাতি পেসার।
এই পেসারের নাম ক্যাম্পবেল থম্পসন। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ২২ বছরের এই বোলার। আর সেই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে কার্যত একাই গুঁড়িয়ে দিলেন তিনি। ২৫ রানে তুলে নিলেন ৮ উইকেট। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে এমন বিধ্বংসী বোলিংয়ের পর থম্পসন বললেন, ‘‘কখনও কখনও ভাগ্যও আপনার দিকে থাকে। আজ সেটা আমার দিকে ছিল।’’ টেস্ট দলের বিরুদ্ধে খেলার সুযোগকে নিজের জন্য বড় অভিজ্ঞতা হিসাবেও দেখছেন তিনি।
থম্পসনের কথায়, অস্ট্রেলিয়ার টেস্ট দলের ব্যাটারদের বিরুদ্ধে বল করার সুযোগ তাঁকে অনেক কিছু শিখিয়েছে। পাশাপাশি কুর্টিস প্যাটারসন এবং কোরি রচিচ্চিওলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতাও উপভোগ করেছেন তিনি। ‘‘শীর্ষ পর্যায়ের ব্যাটারদের বিরুদ্ধে বল করে ভাল অভিজ্ঞতা হয়েছে। এখন ধাপে ধাপে এগোতে চাই। যে স্তরেই খেলি, নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য,’’ বলেছেন তরুণ পেসার।
এ বার অবশ্য প্রস্তুতি ম্যাচের অচেনা পেসারের বদলে বাংলাদেশের সামনে আসতে চলেছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডরা। আর ৪ দিন পরই ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২২ বছর পর এই মাঠে আবার ফিরছে টেস্ট ক্রিকেট। ২২ থেকে ২৬ অগস্ট ম্যাকেতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হবে দ্বিতীয় টেস্ট। পুরুষদের টেস্ট ক্রিকেটে এই মাঠেরও অভিষেক ঘটতে চলেছে সেই ম্যাচে। এ দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৮৭.৫০ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চারটি টেস্ট খেলে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। তবে সিরিজ শুরুর আগে ৫৪ রানের এই ধাক্কা যে তাদের চিন্তা বাড়িয়ে দিল, তা বলাই যায়।