স্পোর্টস ডেস্ক: তাঁর জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছু দিন আগেই। শেষবার টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা গিয়েছিল সেই ২০২২ সালে। ৪ বছর পেরিয়ে বয়স এখন ৩৬। তবে এখনও যে বল হাতে ভুবনেশ্বর কুমার এখনও ফুরিয়ে যাননি, তার প্রমাণ মিলেছে আইপিএলের গত দুই মরশুমেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফের জাতীয় দলে ফেরার দাবিদার হয়ে উঠেছেন এই অভিজ্ঞ পেসার। তবে প্রত্যাবর্তনের জন্য এখন আর তিনি মরিয়া নন। বরং সুযোগ এলে তবেই দেশের হয়ে খেলতে চান।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের আইপিএলে আরসিবির হয়ে ১৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। নতুন বলের পাশাপাশি নজর কেড়েছিল পুরনো বলেও তাঁর কার্যকারিতা। এ বারের মরশুমে আরও ভয়ঙ্কর ছিলেন তিনি। ২৮টি উইকেট নিয়ে অল্পের জন্য বেগুনি টুপি হাতছাড়া করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এমন ফর্মের পর কি ফের জাতীয় দলের দরজা খুলতে পারে ভুবনেশ্বরের জন্য?
নিজের প্রত্যাবর্তন নিয়ে ভুবনেশ্বর জানিয়েছেন, ভারতের হয়ে আবার খেলতে পারলে তিনি অবশ্যই খুশি হবেন। তবে অতীতে যেভাবে পরের সিরিজের অপেক্ষায় থাকতেন, এখন আর তা করেন না। ইউটিউবে একটি সাক্ষাৎকারে ভুবি বলেন, "আমি কাউকে কিছু প্রমাণ করার জন্য খেলছি না। তবে আবার ভারতের হয়ে খেলতে পারলে ভাল লাগবে। সেই সময়টা পেরিয়ে এসেছি, যখন পরের সিরিজের জন্য অপেক্ষা করতাম।" তাঁর কথায়, একটা সময় তাঁকে ফোন করে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে পরের দু’টি সিরিজে হয়তো তাঁকে দেখা যেতে পারে। সেই অনুযায়ী তিনিও জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ভেবেছিলেন।
কিন্তু পরিস্থিতি যে আসলে অন্যরকম তা পরে বুঝতে পারেন ভুবি। তাঁর কথায়, বিষয়টি প্রথমে যতটা মনে হয়েছিল, বাস্তবে তেমন ছিল না। ধাক্কা সামলানো সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। এই সময়ে পরিবারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের হয়ে ৩ ফরম্যাট মিলিয়ে মোট ২২৯টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। তাঁর ঝুলিতে রয়েছে ২৯৪টি উইকেট। ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ারে শেষবার দেশের হয়ে খেলেছিলেন তিনি। এখন জাতীয় দলে ফেরার দরজা খুলবে কি না, সেই উত্তর সময়ই দেবে। তবে এখনও যে তিনি লড়াইয়ের বাইরে নন তা আইপিএলে সাম্প্রতিক পারফরম্যান্সেই বুঝিয়ে দিয়েছেন ভুবনেশ্বর।