নিউজ ডেস্ক: রাস্তার উপরে যত্রতত্র গাড়ি ও বাইক দাঁড় করিয়ে রাখার অভিযোগে এবার সরব হলেন মেমারির বিধায়ক মানব গুহ। শুক্রবার মেমারি স্টেশন রোডে স্বচ্ছতা অভিযানে যোগ দিয়ে বিধায়ক বলেন, 'যত বড়ই নেতা হোক না কেন, এবার কাঁটা লাগিয়ে দিয়ে যাব। নেতা-মন্ত্রী কাউকেই ছাড় দেওয়া হবে না।' একইসঙ্গে রাস্তায় নিয়ম না মেনে গাড়ি রাখলে প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা,
ঘটনার সূত্রপাত নিউ মার্কেট এলাকার একটি সংকীর্ণ রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে। অভিযোগ, বিজেপির মেমারি নগর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার ধারার একটি গাড়ি তাঁর দোকানের সামনে রাখা ছিল। গাড়িতে বিজেপির যুব মোর্চার বোর্ডও লাগানো ছিল। তা দেখেই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। প্রয়োজনে পুলিশের মাধ্যমে গাড়ির চাকায় লক লাগানো থেকে শুরু করে টায়ার খুলে নেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে বলে সতর্ক করেন তিনি। এমনকি, গাড়ির মালিককে নিজের অফিসে দেখা করার নির্দেশ দেন মানব গুহ।
শুধু চার চাকার গাড়ি নয়, রাস্তার পাশে মোটরবাইক পার্কিং নিয়েও আপত্তি জানান বিধায়ক। নিয়ম না মেনে বাইক রাখলে ৫০০ টাকা জরিমানা দিয়ে থানা থেকে ছাড়াতে হবে বলে সতর্ক করেন। পাশাপাশি একটি দোকানের আবর্জনা নর্দমায় ফেলার বিষয়টিও নজরে আসায় দোকান মালিককে নিজে হাতে তা পরিষ্কার করান। সব মিলিয়ে মেমারি স্টেশন রোডে বেআইনি পার্কিং ও রাস্তা অপরিষ্কার রাখার বিরুদ্ধে কড়া বার্তা দেন মেমারির বিধায়ক মানব গুহ।
অন্যদিকে গাড়ির মালিক বিজেপি নেতা শ্যামল কুমার ধারা বলেন, 'স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য দোকানের সামনে গাড়িটি রেখেছিলেন তিনি। মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। কোনও অন্যায় হয়ে থাকলে শাস্তি মেনে নেবেন বলেও জানান শ্যামল। পাল্টা প্রশ্ন তুলে বলেন, এত নেতা, মন্ত্রী, বিধায়ক গাড়ি নিয়ে ছুটছেন, তাঁদের গাড়ি কোথায় থাকে?




