নিউজ ডেস্ক: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন অজিত।
অজিত মাহাতোর পরিবারের দাবি, মমতা তৃণমূল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। অজিতের ৪৭৪/২০২৬ নম্বরে একটি মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩১৮(২), ৩১৮(৪), ৩০৮(৫), ৩৫১(৩), ১১১(৩) এবং ৬১(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অজিত মাহাতোকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস নামে এক যুবক অজিত মাহাতোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে চার দফায় ওই যুবকের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত মাহাতো। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির ব্যবস্থা হয়নি। এমনকি, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
অভিযোগকারী যুবকের আরও দাবি, টাকা ফেরত দেওয়ার পরিবর্তে তাঁর কাছে অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। এরপরই ঝাড়গ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুবক। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম থানার পুলিশ। একইভাবে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আরও কয়েকজন যুবকের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রতারণার ঘটনায় আর কারা জড়িত, কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করার কথা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ।




