স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের কোচের দায়িত্বে এখনও প্রায় এক বছর বাকি। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু তার আগেই তাঁকে ঘিরে শুরু হয়ে গিয়েছে আইপিএলের চারটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ। ২০২৮ সালের আইপিএলের আগে গম্ভীরকে মেন্টর অথবা কোচ হিসেবে পেতে চাইছে চারটি দল। এমনই খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। শুধু আগ্রহ প্রকাশ নয়, গম্ভীরকে দলে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এই চারটি দলের মধ্যে রয়েছে গম্ভীরের পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের সঙ্গেও গম্ভীরের শিবিরের প্রতিনিধিদের প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে খবর। বাকি দু’টি দলের নাম অবশ্য প্রকাশ্যে আসেনি। জানা গিয়েছে, তাদের মধ্যে একটি আইপিএলের অন্যতম সফল দল। অন্য দলটি এখনও পর্যন্ত প্রতিযোগিতায় একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।
তবে গম্ভীরকে পেতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলিকে অপেক্ষা করতে হতে পারে। কারণ, ভারতীয় দলের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত তাঁর চুক্তি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে আইপিএলের দলগুলির পরিকল্পনায় বদল আনতে হতে পারে।
ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে আইপিএলে মেন্টর হিসেবে যথেষ্ট সাফল্য পেয়েছেন গম্ভীর। ২০২২ ও ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টসকে পরপর দু’বার প্লে-অফে তুলেছিলেন তিনি। পরে শাহরুখ খানের ব্যক্তিগত আমন্ত্রণে কলকাতায় ফেরেন। ২০২৪ সালে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতাকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর। ১০ বছরের খরা কাটিয়ে সে বার আইপিএল জিতেছিল কেকেআর।
২০২৪ সালে ভারতীয় দলের কোচ হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া দুই ফ্র্যাঞ্চাইজির ফল অবশ্য খুব একটা ভাল হয়নি। কলকাতা পরের দু’টি মরশুমে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে শেষ করেছে। লখনউও ২০২৪ ও ২০২৫ সালে সপ্তম হওয়ার পর ২০২৬ সালে দশম স্থানে নেমে যায়। সীমিত ওভারের ক্রিকেটে গম্ভীরের কৌশলী মস্তিষ্কের উপর এখনও যথেষ্ট আস্থা রয়েছে আইপিএলের দলগুলির। তাঁর কোচিংয়ে ভারত ইতিমধ্যেই দু’টি আইসিসি খেতাব, এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছে। ফলে ২০২৮ সালে তাঁকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ আরও বাড়তে পারে।




