নিউজ ডেস্ক: সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিকে আল খোলুদকে ৫-৩ গোলে হারাল আল নাসর। এই জয়ের ফলে রোনাল্ডোর পেশাদার কেরিয়ারে মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮৫-এ। ৪১ বছর বয়সি এই পর্তুগিজ মহাতারকা মাত্র ১৫ মিনিটের ব্যবধানে নিজের কেরিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন। ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।
বৃহস্পতিবার রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য সহজ ছিল না। প্রথমার্ধে রোনাল্ডোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গুয়েসের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। তবে ২২ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় গোল করে দলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৩৮ মিনিটে সাদিও মানে আল নাসরকে এগিয়ে দিলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অ্যান্টোনিও এসোম্বার গোলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল ‘সিআর সেভেন’ ম্যাজিক। ম্যাচের ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস থেকে ডান পায়ের দুরন্ত শটে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোলটি করেন রোনাল্ডো। এর ঠিক ছয় মিনিট পর, অর্থাৎ ৭২ মিনিটে, আবারও ফেলিক্সের নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে ব্যবধান ৪-২ করেন তিনি। এরপর ৮১ মিনিটে সাদিও মানের পাস থেকে ফাঁকা জালে বল ঠেলে দিয়ে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফুটবল তারকা। এটি ছিল আল নাসরের জার্সিতে তাঁর সপ্তম হ্যাটট্রিক। ম্যাচের শেষ দিকে ৯৪ মিনিটে পেনাল্টি থেকে আল খোলুদ আরও একটি গোল শোধ করলেও আল নাসরের ৫-৩ ব্যবধানের জয় আটকানো যায়নি।
রোনাল্ডোর হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে নজর কেড়েছেন তাঁর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। একাই চারটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রোনাল্ডো লেখেন, "অসাধারণ এক জয়, দারুণ দলীয় পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে আনন্দিত!"
এই জয়ের পর ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর (৯৮৫ গোল) সঙ্গে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (৯৩৬ গোল) ব্যবধান বেড়ে দাঁড়াল ৪৯ গোলে। ফলে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।




