নিউজ ডেস্ক:নতুন গাড়ি কিনে সেই আনন্দে স্ত্রীকে কোলে তুলে নতুন গাড়ির বনেটে আলতামাখা পায়ের ছাপ রাখলেন স্বামী। স্বামী-স্ত্রীর এই মিষ্টি মুহূর্তের ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । তবে ভালবাসার এই অভিব্যক্তি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে, গাড়ি কেনার ক্ষেত্রে স্ত্রীর আর্থিক অবদান কতটা, তা নিয়ে প্রশ্ন তুলে একাংশের মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে নারীবিদ্বেষের বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, নতুন গাড়ির সামনে স্ত্রীকে কোলে তুলে ধরেছেন এক তরুণ। গাড়ির বনেটে আলতামাখা পায়ের ছাপ রাখতে সাহায্য করছেন তাঁকে। প্রচলিত গৃহপ্রবেশের রীতির সঙ্গে এই আয়োজনের মিল রয়েছে। বাঙালি-সহ একাধিক ভারতীয় সংস্কৃতিতে নববধূর আলতামাখা পায়ের ছাপকে শুভ সূচনা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয়।
ভিডিয়োটি দেখে দম্পতির ভালোবাসাকে প্রশংসা করেছেন অনেকে। তাঁদের মতে, নতুন কেনাকাটাকে স্মরণীয় করে রাখার জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। তবে উল্টো প্রতিক্রিয়াও এসেছে। একাংশের প্রশ্ন, গাড়ি কেনার ক্ষেত্রে স্ত্রীর অবদান কী? এমনকি, তিনি গাড়ির ইএমআই বা ঋণের কিস্তি দেবেন কি না, তা নিয়েও কটাক্ষ করা হয়েছে। কেউ কেউ আবার গাড়ির বনেটে পা রাখার বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন।
https://x.com/Chandra4Bharat/status/2112436017336893867?a=8nJnsHtK-Xj-9dUZRoQ&s=19
এই মন্তব্যের বিরোধিতা করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, একটি সংসারে স্বামী-স্ত্রীর অবদান শুধুমাত্র অর্থনৈতিক মাপকাঠিতে বিচার করা যায় না। পরিবারের দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্কের ভূমিকারও গুরুত্ব রয়েছে। ফলে কোনও মহিলা গাড়ি কেনার জন্য কত টাকা দিয়েছেন বা ঋণের কিস্তি মেটাচ্ছেন কি না, তার ভিত্তিতে তাঁর মর্যাদা নির্ধারণ করা উচিত নয়।
অনেকে আবার এই রীতির তাৎপর্যের কথাও তুলে ধরেছেন। তাঁদের মতে, আলতার পায়ের ছাপ সৌভাগ্য, আশীর্বাদ ও সমৃদ্ধির প্রতীক। তাই এই আয়োজনকে নিছক প্রদর্শন না ভেবে ভালবাসা ও শুভকামনার প্রকাশ হিসেবেও দেখা যেতে পারে।
একটি ব্যক্তিগত আনন্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। সম্পর্কের ক্ষেত্রে নারীর ভূমিকা কি শুধুই আর্থিক অবদানে সীমাবদ্ধ, নাকি তার বাইরেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দিক? ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।




