নিউজ ডেস্ক: মুম্বাইয়ের বাসভবনে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়ে ৫৭ বছর বয়সে মারা গেলেন6 বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। গতকাল ৩০ অক্টোবর, ২০২৬ অর্থাৎ শুক্রবার রাতে মুম্বাইয়ের ভার্সোভায় নিজ বাসভবনের বাথরুমে অসাবধানতাবশত পিছলে পড়ে যান তিনি। এই দুর্ঘটনার ফলে মাথায় মারাত্মক আঘাত পান এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে গোটা বলিউড জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে এবং কোনো রকম সন্দেহজনক পরিস্থিতি পাওয়া যায়নি। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জয় গুপ্তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
সঞ্জয় গুপ্তার কর্মজীবন ছিল অনবদ্য সৃষ্টির এক বিরল দৃষ্টান্ত। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্র জগতে পা রাখেন সঞ্জয় গুপ্তা। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড, ক্রাইম থ্রিলার এবং স্টাইলিশ অ্যাকশনধর্মী ছবি তৈরির ক্ষেত্রে তিনি বলিউডে এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন। ১৯৯৪ সালে সঞ্জয় দত্ত ও আদিত্য পাঞ্চোলি অভিনীত 'আতিশ: ফিল দ্য ফায়ার' সিনেমা পরিচালনার মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে।
তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা যার মধ্যে– 'কাঁটে' (২০০২), 'মুসাফির' (২০০৪), 'জিন্দা' (২০০৬), 'শুটআউট অ্যাট ওয়াদালা' (২০১৩), 'কাবিল' (২০১৭) এবং 'মুম্বই সাগা' (২০২১) এইসব জনপ্রিয় ছবির পরিচালনার নেপথ্যে ছিলেন তিনি। সঞ্জয় গুপ্তার প্রযোজনায়ও দর্শক দেখছেন একের পর এক চমক। নিজের প্রযোজনা সংস্থা 'হোয়াইট ফেদার ফিল্মস'-এর ব্যানার থেকে তিনি ব্লকবাস্টার সিনেমা 'শুটআউট অ্যাট লোকহন্ডওয়ালা' (২০০৭), 'জাজবা' এবং 'অ্যাসিড ফ্যাক্টরি'র মতো জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন।
তার পরিচালিত ও প্রযোজিত সর্বশেষ চলচ্চিত্র 'দ্য মিরান্ডা ব্রাদার্স' ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বলিউডে সঞ্জয় দত্ত এবং জন আব্রাহামের সাথে তার পেশাদার ও ব্যক্তিগত রসায়ন ছিল দীর্ঘদিনের। বিশেষ করে সঞ্জয় দত্তের সাথে তার জুটি বলিপাড়ায় একসময় তুমুল হিট ছবি উপহার দিয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী অনুরাধা লেখি এবং দুই সন্তান শিবাংশ ও দলাই -কে একা করে রেখে গেছেন। তার অকাল প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ একজন গুণী এবং আধুনিক ধারার গল্পবলিয়ে নির্মাতাকে হারাল।




