নিউজ ডেস্ক: বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছেন তিনি। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, প্রশ্নের উত্তরও দিতে পারছেন। তবে আপাতত সম্পূর্ণ বিপন্মুক্ত নন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে এখনও কাটেনি উদ্বেগ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রেখা পাত্রের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে। চিকিৎসকদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পাশাপাশি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলেও হাত নেড়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি। সোমবার সকালে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়ার পর থেকে নতুন করে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হয়নি। এই বিষয়টিকে চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
তবে এখনও কিছুটা উদ্বেগের কারণ রয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক পর্যায়ে ফেরেনি। সেই কারণে প্রয়োজন অনুযায়ী তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। বিষক্রিয়ার পর অচেতন অবস্থায় তাঁর লালা ও বমি শ্বাসনালীতে প্রবেশ করেছিল। এর জেরে অ্যাসপিরেশন নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ফুসফুসে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকায় চিকিৎসকরা বিশেষ সতর্কতা অবলম্বন করছেন।
মঙ্গলবার বিকেলে তাঁর বুকের ফের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে আগের তুলনায় উন্নতির ইঙ্গিত মিলেছে। কিন্তু ফুসফুসের সমস্যা এখনও পুরোপুরি কাটেনি। ফলে আপাতত নিবিড় পর্যবেক্ষণেই রাখা হচ্ছে তাঁকে।
অন্যদিকে, কী ধরনের বিষ তাঁর শরীরে প্রবেশ করেছিল, তা নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। একাধিক রক্তপরীক্ষা করা হলেও বিষাক্ত পদার্থটির নির্দিষ্ট পরিচয় জানা সম্ভব হয়নি। পরিবারের তরফে চিকিৎসকদের দেওয়া কীটনাশকের শিশিতে রাসায়নিক উপাদানের বিস্তারিত উল্লেখ না থাকায় বিষ শনাক্ত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
এ দিনও হাসপাতালে গিয়ে রেখা পাত্রের শারীরিক অবস্থার খোঁজ নেন বিজেপির চিকিৎসক নেত্রী অর্চনা দাস মজুমদার। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, আরও অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বিধায়ককে।
উল্লেখ্য, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি কিছুটা স্বস্তি দিলেও আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের নজর এখন মূলত ফুসফুসের অবস্থা এবং রক্তে অক্সিজেনের মাত্রার দিকে।




