কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ ঘিরে ‘বয়কট’-এর ডাক উঠলেও তাতে বিন্দুমাত্র টলছে না ব্রাজিল। আগামী ৩ অক্টোবর সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তে অনড় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ঘনিষ্ঠ সূত্রের দাবি, ভারতে ম্যাচ বাতিল বা সূচি বদলের কোনও প্রশ্নই নেই। বরং কলকাতায় এসে এ দেশের ফুটবলপ্রেমীদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা।
এই ম্যাচের জন্য বিপুল অর্থ খরচের যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ভারতীয় ফুটবলের একাংশ। প্রাক্তন জাতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়ার নেতৃত্বে কেউ কেউ ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। তাঁদের বক্তব্য, ব্রাজিলের মতো তারকা-সমৃদ্ধ দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে বড় অঙ্কের অর্থ খরচ না করে সেই টাকা দীর্ঘমেয়াদি পরিকাঠামো ও তৃণমূল স্তরের ফুটবলের উন্নতিতে ব্যয় করা উচিত। কিন্তু সেই বিতর্কে কান দিতে নারাজ ব্রাজিলীয় ফুটবল কর্তারা।
বৃহস্পতিবার যুবভারতীর মাঠও পরিদর্শন করেছিলেন সিবিএফের একটি প্রতিনিধি দল। মাঠের ঘাসের ঘনত্ব কম এবং দ্রুত সংস্কার প্রয়োজন, এমন খবর ছড়ালেও ব্রাজিলীয় সূত্রের বক্তব্য, সেটি ছিল নিছক সতর্কতামূলক পর্যবেক্ষণ। মাঠের পরিস্থিতি নিয়ে কোনও বড় সমস্যা নেই এবং ম্যাচের সূচির উপর তার কোনও প্রভাব পড়বে না। ভারতে ম্যাচ বয়কটের ডাক নিয়েও সিবিএফ উদ্বিগ্ন নয়। তাদের মতে, এই ধরনের প্রতিক্রিয়ার পিছনে স্থানীয় রাজনীতির প্রভাব থাকতে পারে।
ভারতের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা থেকেই এই সফর। সিবিএফের বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট। ব্রাজিল জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের কাছ থেকে ব্রাজিল যে ভালবাসা ও সমর্থন পেয়েছে, তারই প্রতিদানস্বরূপ ভারতে আসতে চায় দল।
তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে ম্যাচটি শুধু ফুটবলের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোরও সুযোগ। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় ভারত মোট তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিত। দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে কাবো ভার্দেকে ভাবা হচ্ছে। তবে তৃতীয় দলের নাম এখনও চূড়ান্ত হয়নি।