ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখা হল না ইস্টবেঙ্গলের। তার উপর জোড়া ধাক্কা লাল-হলুদ শিবিরে। দিল্লি এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্রয়ের পর জানা গেল, হাতের কবজি ভেঙে অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এডমুন্ড লালরিন্ডিকাকে। অর্থাৎ গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম ভরসাকে পাচ্ছেন না কোচ আন্তোনিও লোপেজ হাবাস। অন্যদিকে ম্যাচের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিতর্কে জড়ালেন স্প্যানিশ কোচ।
চেন্নাইয়িন এফসি-র কাছে ৩-৫ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোই ছিল ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। যুবভারতীতে এদিন আইএসএলে মরশুমের প্রথম ঘরের ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ। কিন্তু প্রত্যাশা পূরণ হল না। দু’বার পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। এডমুন্ড লালরিন্ডিকা এবং আলেকজান্দ্রে লোবার গোলে সমতায় ফিরেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলে নেওয়া সম্ভব হয়নি। ২-২ গোলে শেষ হয় ম্যাচ।
তবে খেলা শেষ হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হাবাস মাঠেই বোতল আছড়ে ফেলেন। এরপর রেফারিদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন ইস্টবেঙ্গলের ম্যানেজার। পরে সাংবাদিক সম্মেলনেও নিজের ক্ষোভ চেপে রাখেননি লাল-হলুদ কোচ। তাঁর অভিযোগ, দানি রামিরেজকে ফাউল করা হলেও ইস্টবেঙ্গলকে প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি। প্রতিপক্ষের ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, রেফারির কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের গতিপথই বদলে দিয়েছে।
কিন্তু হাবাসের রাগের থেকেও বড় হয়ে উঠেছে এডমুন্ডের চোট। ম্যাচে হাতের কবজিতে গুরুতর আঘাত পান তিনি। পরীক্ষা করে জানা গিয়েছে, কবজি ভেঙেছে। অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে ফেব্রুয়ারির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কম। আনোয়ার আলি আগে থেকেই চোটের কারণে দলের বাইরে। এবার এডমুন্ডের অনুপস্থিতি হাবাসের চিন্তা আরও বাড়াল। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ, এমনকী প্রথম লেগের ডার্বিও রয়েছে। তার আগে জোড়া ধাক্কায় কার্যত অস্বস্তিতে ইস্টবেঙ্গল।




