আইএসএল থেকে জামশেদপুর এফসি দল তুলে নেওয়ার সিদ্ধান্তে তীব্র হতাশা প্রকাশ করলেন সুনীল ছেত্রী। সমাজ মাধ্যমে দীর্ঘ বিবৃতিতে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, এই সিদ্ধান্ত যেন "পেটে সপাটে ঘুষি" খাওয়ার মতো। তাঁর মতে, এটি শুধু একটি ক্লাব হারানো নয়। বরং ভারতীয় ফুটবলের অন্যতম ভরসার স্তম্ভ সরে যাওয়া। যা খুব বড় ধাক্কা। টাটা গোষ্ঠীর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছেন তিনি।
গত ৩১ জুলাই জামশেদপুরের তরফে ঘোষণা করা হয়, তারা আর দল নামাবে না মাঠে। এর পরই সুনীল লিখেছেন, "জামশেদপুর প্রথম দল তুলে নেওয়ায় এক ধাক্কায় বহু ফুটবলার ও সাপোর্ট স্টাফ ক্লাবহীন হয়ে গেলেন। হয়তো শেষ পর্যন্ত তাঁদের নতুন ক্লাব মিলবে, লিগও কোনও ভাবে চলবে। কিন্তু ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে টাটা গোষ্ঠীর কোনও ক্লাব না থাকা এমন এক ক্ষতি, যার পূরণ হওয়ার নয়।" ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর ২০২২ সালে আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল জামশেদপুর। সেই ক্লাবের হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ফুটবলমহলেও বিস্ময় ছড়িয়েছে।
ভারতীয় ফুটবলের কঠিন সময়ের প্রসঙ্গও টেনেছেন সুনীল। তাঁর কথায়, এমন পরিস্থিতিতে সকলেরই পাশে একটি শক্ত ভরসা প্রয়োজন হয়। সেই জায়গাতেই টাটা গোষ্ঠী, টাটা ফুটবল অ্যাকাডেমি এবং জামশেদপুর এফসি দীর্ঘ দিন ধরে ভারতীয় ফুটবলের অন্যতম স্তম্ভ হয়ে থেকেছে। তাই এই সিদ্ধান্ত শুধু একটি ক্লাবের ভবিষ্যৎ নয়, গোটা ফুটবল পরিকাঠামোকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শেষে একটি আবেগঘন আবেদনও জানিয়েছেন সুনীল। খেলাধুলার জগতে কঠিন সিদ্ধান্ত যে নিতেই হয়, তা তিনি মানছেন। তবু তাঁর অনুরোধ, টাটা গোষ্ঠীর শীর্ষকর্তারা যেন শুধু ব্যবসার অঙ্ক নয়, ভারতীয় ফুটবলের স্বার্থের কথাও ভাবেন। ব্যবসায়িক দিক থেকে সিদ্ধান্ত কঠিন হতে পারে, কিন্তু দেশের ফুটবলের বর্তমান পরিস্থিতিতে জামশেদপুরকে ধরে রাখাই সবচেয়ে প্রয়োজন বলে মনে করেন দেশের প্রাক্তন অধিনায়ক।