স্পোর্টস ডেস্ক: আইপিএলের নিলামের আগে দল গোছানোর কাজে বড়সড় চমক দিল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চার ক্রিকেটারকে নিয়ে দুই দলের মধ্যে সম্পন্ন হল গুরুত্বপূর্ণ অদলবদল। আর সেই লেনদেনের সবচেয়ে বড় খবর, ৭ কোটি টাকা বেতন কমিয়েই হায়দরাবাদ ছেড়ে চেন্নাইয়ে যোগ দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। আগামী মরশুমের আগে এই সিদ্ধান্ত দুই দলের শক্তির ভারসাম্যে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
চার ক্রিকেটারের এই লেনদেনে হায়দরাবাদ থেকে চেন্নাইয়ে আসছেন লিভিংস্টোন এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। অন্যদিকে চেন্নাই ছেড়ে হায়দরাবাদে যাচ্ছেন ভারতের বাঁহাতি পেসার খলিল আহমেদ এবং অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। আইপিএলের তরফে প্রকাশিত বিবৃতিতে এই অদলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় লিভিংস্টোনের চুক্তি। গত মরশুমে তাঁকে ১৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু চেন্নাইয়ে যোগ দেওয়ার পর তাঁর নতুন পারিশ্রমিক হচ্ছে ৬ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৭ কোটি টাকা কম পারিশ্রমিকে খেলতে রাজি হয়েছেন ইংল্যান্ডের এই বিধ্বংসী অলরাউন্ডার। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। ফলে লিভিংস্টোনকে পেয়ে চেন্নাইয়ের ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
এডওয়ার্ডস অবশ্য তাঁর পুরনো পারিশ্রমিকেই চেন্নাইয়ে যোগ দিচ্ছেন। ৩ কোটি টাকা দিয়েই তাঁকে ধরে রাখছে নতুন দল। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডারকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই দলে নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু চোটের কারণে ২০২৬ সালের আইপিএলে একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। এবার চেন্নাইয়ের হয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এডওয়ার্ডস।
অন্যদিকে খলিল আহমেদকে ৪.৮ কোটি টাকা পারিশ্রমিকেই পাচ্ছে হায়দরাবাদ। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দলের হয়েই খেলেছিলেন তিনি। পরে চেন্নাইয়ে যোগ দিয়ে ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন। তবে ২০২৬ সালের মরশুমে পাঁচটি ম্যাচ খেলার পর ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়ে ছিটকে যান। নাথান এলিসও ২ কোটি টাকা পারিশ্রমিকেই চেন্নাই ছেড়ে হায়দরাবাদে যাচ্ছেন। শেষের দিকের ওভারে বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত এই অস্ট্রেলীয় পেসার হায়দরাবাদের বোলিং বিভাগকে বাড়তি শক্তি দেবেন।
এদিকে চেন্নাইয়ের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নামও জড়িয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মতো দলও তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে খবর। তবে এখনও কোনও চূড়ান্ত আলোচনা বা সমঝোতার কথা জানা যায়নি। ফলে হার্দিককে নিয়ে আগামী কয়েক দিনে আইপিএলের দলবদলের বাজার আরও সরগরম হতে পারে।




