নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তর ও কনট প্লেস এলাকায় বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ ঘিরে আদালতের দ্বারস্থ হলেন আবেদনকারীরা। গত ১০ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের দাবিতে আদালতে আবেদন জমা পড়েছে। আগামীকাল, ১৩ অক্টোবর, এই মামলার শুনানিতে সম্মতি দিয়েছে দিল্লি হাইকোর্ট।
আবেদনকারীদের দাবি, ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হোক। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও পৃথক তদন্তের দাবি উঠেছে। বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দায় নির্ধারণ এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে দাবি আবেদনকারীদের।
https://x.com/LiveLawIndia/status/2109520277512311223
১০ অক্টোবর, শনিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কিন্তু কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ কয়েক জন নেতাকে আটক করা হয় বলে অভিযোগ। তাঁদের সঙ্গে ছিলেন দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা। দিল্লিতে পৌঁছনোর পরেই অভিজিৎ ও তাঁর সঙ্গীদের আটক করা হয় বলে দাবি দলের। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও বহু আন্দোলনকারীকে আটক করার অভিযোগ ওঠে। তবে শর্তসাপেক্ষে ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ।