নিউজ ডেস্ক : রাজনৈতিক মঞ্চে শক্তি প্রদর্শনের জন্য জমায়েত, স্লোগান আর নেতাদের বক্তব্য, সবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জমায়েতের ভিড় নিয়ে যদি প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে রাজনৈতিক তরজাও নতুন মাত্রা পায়। একদিকে বিরোধী ঐক্যের বার্তা, অন্যদিকে সেই ঐক্যের শক্তি নিয়ে সংশয়। দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে এবার এমনই এক বিতর্ক উসকে দিলেন বঙ্গ রাজনীতির এক পরিচিত মুখ। শুধু সমাবেশের উপস্থিতি নয়, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়েও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, গত ১২ বছর ধরে রাহুল গান্ধী মূলত আক্রমণাত্মক রাজনীতিতে ব্যস্ত থেকেছেন। কিন্তু সেই তুলনায় তাঁর কাজের কোনও উল্লেখযোগ্য দৃষ্টান্ত নেই। দিলীপের বক্তব্য, "রাহুল যদি সত্যিই মানুষের জন্য কাজ করতেন তাহলে আজ কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি এতটা খারাপ হত না।"
রাহুল গান্ধীর সঙ্গে বিতর্কে বসার প্রসঙ্গেও বিশেষ আগ্রহ দেখাননি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, "রাহুলের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার সময় আমার নেই।" এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন এই ধরনের বিতর্কে সময় দেওয়া উচিত, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অর্থাৎ রাহুলের রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিতে নারাজ বলেই নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
তবে, তাঁর আক্রমণের পরিধি শুধুমাত্র রাহুল গান্ধীতেই আটকে থাকেনি। দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশ নিয়েও সরব হয়েছেন তিনি। দিলিপের দাবি, "ওই কর্মসূচি রাহুল গান্ধীর পাশাপাশি গোটা 'ইন্ডিয়া' জোটের সাংগঠনিক উন্মোচিত করেছে।" তাঁর অভিযোগ, সমাবেশে ১০ লক্ষ মানুষের জমায়েত প্রত্যাশা থাকলেও বাস্তবে উপস্থিতির সংখ্যা ছিল মাত্র ১০ হাজারের কাছাকাছি।
এখানেই শেষ নয়। দিলীপের দাবি, নেতাদের বক্তব্য চলাকালীন সমাবেশস্থল ছাড়তে শুরু করেন অনেকেই। এমন পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে কথা বলেন। বিরোধী নেতাদের এই ধরনের কর্মসূচিকে 'নাটক' বলে কটাক্ষ করে দিলীপের বক্তব্য, "জনগণ ইতিমধ্যেই তাঁদের প্রত্যাখ্যান করেছেন।"
সব মিলিয়ে রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে, দিল্লির সমাবেশ থেকে বিরোধী জোটের ভবিষ্যৎ- একাধিক বিষয়কে সামনে রেখে দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বাকযুদ্ধের আবহাওয়া তৈরি হল।




