নিউজ ডেস্ক: রিংয়ের লড়াই তখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠল দুবাইয়ের মঞ্চ। আসন্ন বক্সিং ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত প্রেস মিট ও ফেস-অফে মেজাজ হারিয়ে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রহিম পরদেশির গালে সপাটে চড় বসিয়ে দিলেন ভারতীয় বক্সার মণীশ শর্মা। মুহূর্তের মধ্যে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ঘটনা আরও বড় রূপ নিতে পারত।
বক্সিংয়ের পরিভাষায় ফেস-অফ মানেই প্রতিপক্ষকে চোখে চোখ রেখে মানসিক চাপে ফেলার একটি চেনা কৌশল। কিন্তু দুবাইয়ের আলো ঝলমলে মঞ্চে যা ঘটল, তা পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে গেল।
সূত্রের খবর, লড়াইয়ের আগে নিয়মমাফিক মুখোমুখি হয়েছিলেন মণীশ ও রহিম। নীল স্যুট পরিহিত মণীশ মঞ্চে দাঁড়ানো মাত্রই পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রহিম নানা অঙ্গভঙ্গি ও উস্কানিমূলক কথা বলে তাঁকে উত্তেজিত করার চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ কথার লড়াই চলার পর একপর্যায়ে রহিম সীমা অতিক্রম করেন।
https://x.com/zingabad/status/2117665609504743510?a=YNILJPjXIHFDzPXQpvg&s=08
প্রত্যক্ষদর্শীদের মতে, রহিমের লাগাতার কটূক্তি ও প্ররোচনামূলক আচরণে ধৈর্য হারান মণীশ। চোখের পলকে তিনি হাত চালিয়ে রহিমের গালে কষে চড় মারেন। আকস্মিক এই আঘাতে চমকে ওঠেন উপস্থিত সংবাদমাধ্যম ও দর্শকরা। চড় খাওয়ার পর রহিম পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করতেই মঞ্চে উপস্থিত অফিশিয়াল ও কালো পোশাকের বাউন্সাররা মণীশকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যান।
ভারত ও পাকিস্তানের খেলোয়াড় বা প্রভাবশালীদের মুখোমুখি লড়াই এমনিতেই বাড়তি উন্মাদনা তৈরি করে। তবে খেলার বাইরের এমন অনভিপ্রেত সংঘাতকে ভালো চোখে দেখছেন না ক্রীড়াপ্রেমীরা। অনেকের মতে, নিজের বক্তব্য দিয়ে প্রচারের আলো কাড়তে গিয়েই সীমা ছাড়িয়েছিলেন রহিম, যার পরিণতি এমন অপ্রীতিকর ঘটনা। আবার অন্যদিকে, একজন পেশাদার অ্যাথলিটের এভাবে প্রকাশ্যে মেজাজ হারানো নিয়েও ক্রীড়া মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় চর্চার ঝড় উঠেছে। আয়োজক সংস্থা গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং আসন্ন লড়াইয়ের সময় অতিরিক্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা ভাবছে।




