কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ক্রিকেটে একই ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট নেওয়া যে কতটা বিরল, তারই নজির দেখা গেল ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টে। হেডিংলেতে টেস্টের প্রথম দিন পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পিছনে বড় ভূমিকা নিলেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন এবং জশ টাং। দু’জনেই পাঁচটি করে উইকেট নিলেন। আর সেই বিরল কীর্তির স্মারক হিসেবে ম্যাচের বলটিকেই দু’ভাগ করে নিলেন তাঁরা!
রবিনসন ৫১ রানে ৫ উইকেট এবং টাং ৫ উইকেট নেন ৪৬ রানে। ইংল্যান্ডের দুই বোলারের একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এর আগে শেষ বার দেখা গিয়েছিল ২০০৬ সালে। তাই দিনের শেষে ম্যাচ বলটি নিয়ে দু’জনের মধ্যে হল অভিনব ‘ভাগাভাগি’। রবিনসনের কথায়, ‘‘দু’জনের পাঁচ উইকেট নেওয়া খুব একটা হয় না। তাই বলটা দু’ভাগ করে নেওয়ার কথা ভাবলাম। আমাদের দু’জনের কাছেই এটা স্মরণীয় হয়ে থাকবে।’’
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথম বলেই আজান আওয়াইসকে শূন্য রানে ফিরিয়ে দেন রবিনসন। এরপর পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকেও এলবিডব্লিউ করে ফেরান তিনি। ৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। আবদুল্লা শফিক ও ইমাম-উল-হক ৯১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ইমামকে ৪২ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন টাং। পরে শফিক, সৌদ শাকিল, সলমন আগা, আলি উসমান এবং মহম্মদ রিজওয়ানদেরও সাজঘরে ফেরান ইংল্যান্ডের দুই পেসার।
৪৮.১ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ইংল্যান্ডও শুরুতে কিছুটা চাপে পড়েছিল। বেন ডাকেট ও এমিলিও গে ৩৬ রান যোগ করে শুরুটা ভাল করলেও মহম্মদ আব্বাস ও মহম্মদ আলির বোলিংয়ে ৪৮ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। তবে সেখান থেকে জো রুট ও জেকব কক্সের জুটি দলকে স্বস্তি দেয়। দিনের শেষে ২ উইকেট খুইয়ে ইংল্যান্ডের রান ১১২। রুট ৩৭ এবং কক্স ২৩ রানে অপরাজিত। ফলে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড।