ফুটবল ম্যাচে পিচ ইনভেডার থেকে শুরু করে প্রবল বৃষ্টি, ঝড় ইত্যাদি নানা কারণে খেলা থমকে যাওয়ার ঘটনা নতুন নয়। সাম্প্রতিককালে ফিফা বিশ্বকাপে নয়া সংযোজন ‘হাইড্রেশন ব্রেক’। কিন্তু উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে যা ঘটল, তা এক কথায় নজিরবিহীন। উরুগুয়ে মন্টেভিডিয়ো এবং পায়সান্দুর ম্যাচ চলছিল এস্তাদিও পার্কে এএনক্যাপে। আচমকাই একটি জোরালো ক্লিয়ারেন্সে বল উড়ে গিয়ে মাঠের সীমানা পেরিয়ে পড়ে পাশের ব্যস্ত হাইওয়েতে।
রাস্তার মাঝখানে আচমকা ফুটবল এসে পড়ায় মুহূর্তেই ঘটে বিপত্তি। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সাদা রঙের একটি গাড়ির চালক বলটি দেখতে পেয়েই আচমকা ব্রেক কষেন। কিন্তু পিছনে থাকা গাড়িটি সময়মতো থামতে পারেনি। ফলে সেটি সজোরে ধাক্কা মারে সামনের গাড়িতে। ম্যাচের সরাসরি সম্প্রচার চলায় টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়ে গোটা ঘটনার ছবি। পরে সেই ভিডিওটিই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকটি গাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। তবে চালক বা যাত্রীদের কারও গুরুতর চোট লাগেনি। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় ম্যাচ। কর্তৃপক্ষ রাস্তা নিরাপদ কি না, তা নিশ্চিত করার পাশাপাশি মাঠের বাইরে গিয়ে বলটিও উদ্ধার করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় খেলা।
তবে এই অদ্ভুত ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে ফের না ঘটে, সে জন্য মাঠের সীমানার দেওয়াল আরও উঁচু করার কথা ভাবতে হতে পারে কর্তৃপক্ষকে। কারণ এ বার বড় বিপদ এড়ানো গেলেও, একই ঘটনা ফের ঘটলে পরিণতি আরও ভয়াবহ হতে পারে। শেষ পর্যন্ত ম্যাচে পায়সান্দুকে ১-০ গোলে হারিয়ে জয় পায় উরুগুয়ে মন্টেভিডিয়ো। যদিও ম্যাচের ফলের চেয়ে মাঠের বাইরে উড়ে যাওয়া ফুটবল এবং তার জেরে হাইওয়ের দুর্ঘটনাই হয়ে রইল দিনের অন্যতম বড় খবর।