দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষে খুন হলেন কুখ্যাত গ্যাংস্টার রাজা দত্ত। ঘটনাটি ঘটে উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা এলাকায়। অভিযোগ, রাজার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হয়। ঘটনায় রাজা দত্তের আরো দুই শাগরেদ গুলিবিদ্ধ হন। তাদের গুরুতর অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি বাইকে করে খলিসাকোটা এলাকায় গিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার রাজা দত্ত। সেই সময়ই একদল দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে। অভিযোগ, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ওই গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজা দত্ত। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রাজাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, আটক প্রত্যেকেই পূর্বপরিচিত এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতা ও এলাকা দখল কে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, কয়েকদিন আগেই সুমন নামে এক দুষ্কৃতির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় রাজা দত্ত জড়িত ছিলেন বলে অভিযোগ। তারপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়। পুলিশের অনুমান, সেই বিবাদের জেরেই পরিকল্পিতভাবে সোমবার ভোরে রাজা দত্তকে খুন করা হয়েছে। সূত্র মারফত এও জানা গিয়েছে, সুমন নামে ওই দুষ্কৃতী একসময় উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিল সে। তাই এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।